রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

হাসিনার প্রত্যর্পণ না হলে তারেক রহমানের ভারত সফর অনুচিত: নাহিদ

নিউজ ডেস্ক

শেখ হাসিনার প্রত্যর্পণ এবং ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন করে নির্ধারণের বিষয়গুলো সমাধান না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর করা উচিত নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার শাহবাগে নিহত শরীফ ওসমান হাদীর সংগঠন ইনকিলাব মঞ্চের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ কীভাবে হবে এবং ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কীভাবে নতুন করে নিরূপণ করা হবে—এসব প্রশ্নের সমাধান না হওয়া পর্যন্ত তারেক রহমান ভারতে যেতে পারবেন না।

সম্প্রতি ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার প্রসঙ্গ তুলে নাহিদ দাবি করেন, ভারত সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থনেই ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, ভারত সরকার ওই ঘটনার দায় নিচ্ছে না এবং বিষয়টি অস্বীকার করছে। কিন্তু বাংলাদেশের রাজধানী ঢাকায় ভারতের কোনো বিচ্ছিন্নতাবাদী সংগঠন সংবাদ সম্মেলন করলে বাংলাদেশ সরকার দায় এড়িয়ে গেলে সেটি কেউ বিশ্বাস করত না।

নাহিদের দাবি, দিল্লি থেকে শেখ হাসিনা যে বক্তব্য দিচ্ছেন, সেগুলোকে শুধু শেখ হাসিনার বক্তব্য হিসেবে না দেখে ভারতের বার্তা হিসেবেই বিবেচনা করা উচিত।

তিনি আরও বলেন, ৫ আগস্টের সংবাদ সম্মেলনের বিষয়ে ভারতীয় হাইকমিশনের অবস্থান এখনো স্পষ্ট নয়। এ ঘটনায় ভারতের দুঃখ প্রকাশ ও ক্ষমা চাওয়া উচিত ছিল বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতীয় হাইকমিশনকে ডেকে জবাবদিহি চাওয়ার দাবি জানান।

নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার ওই সংবাদ সম্মেলন বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে হয়েছে। তার ভাষ্য, একটি মামলায় দণ্ডিত আসামিকে অন্য একটি রাষ্ট্রের মাটিতে সংবাদ সম্মেলনের সুযোগ দেওয়ার অর্থ বাংলাদেশের গণতন্ত্র, বিচারব্যবস্থা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে অবস্থান নেওয়া।

ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, বন্ধুত্বের কথা বলতে হলে ভারতকে শেখ হাসিনা ও ওসমান হাদীর আসামিকে ফেরত পাঠানো, অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা এবং সীমান্ত হত্যাকাণ্ডের মতো বিষয়গুলোর মীমাংসা করতে হবে।

 

সূত্র: বিবিসি বাংলা

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন