সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

তারেক রহমানকে দিল্লি সফরে রাজি করাতে ভারতের নতুন উদ্যোগ

নিউজ ডেস্ক

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর দ্রুত আয়োজনের উদ্যোগ নিয়েছে নয়াদিল্লি। দুই দেশের সম্পর্ককে পূর্ণাঙ্গভাবে স্বাভাবিক করার লক্ষ্য নিয়ে আগস্টের শেষ অথবা সেপ্টেম্বরের শুরুতে দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনের বিষয়ে ঢাকার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ভারত।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ বাড়াতে কূটনৈতিক তৎপরতা জোরদার করা হয়েছে। ভারতীয় কূটনীতিকরা শিগগিরই সফর আয়োজনের বিষয়ে ইতিবাচক অগ্রগতির আশা করছেন।

প্রতিবেদন অনুযায়ী, তারেক রহমানের সফর অনুষ্ঠিত হলে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত বিভিন্ন বিষয় নিয়ে নতুন করে আলোচনা শুরু হতে পারে। এর মধ্যে গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন, জ্বালানি সহযোগিতা এবং বাংলাদেশের বিভিন্ন পণ্যের ওপর ভারতের আরোপ করা বাণিজ্যিক বিধিনিষেধ প্রত্যাহারের বিষয়গুলোও রয়েছে।

তবে ঢাকার কূটনৈতিক সূত্রগুলোর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নতুন করে উত্তেজনা সৃষ্টি করলে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ বাধাগ্রস্ত হতে পারে।

সম্প্রতি ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েন কমানোর ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ যোগাযোগ হয়েছে। গত ১০ আগস্ট ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে দিল্লিতে শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ভার্চুয়াল সংবাদ সম্মেলন ঘিরে বাংলাদেশ অসন্তোষ প্রকাশ করেছিল।

পরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, ওই সংবাদ সম্মেলনের সঙ্গে ভারত সরকারের কোনো সংশ্লিষ্টতা ছিল না। একই সঙ্গে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে কোনো বক্তব্যকেও ভারত সমর্থন করে না বলে জানানো হয়।

এর পরিপ্রেক্ষিতে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধান পরাগ জৈনের বাংলাদেশ সফর এবং ভারতীয় হাইকমিশনারের দিল্লি সফরও দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন কূটনৈতিক তৎপরতা হিসেবে দেখা হচ্ছে।

ভারতের পক্ষ থেকে দ্রুত দ্বিপক্ষীয় সফরের মাধ্যমে ভিসা, বাণিজ্য ও অন্যান্য সহযোগিতার ক্ষেত্রে বিদ্যমান জটিলতা কমানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে আসন্ন ব্রিকস সম্মেলনের সাইডলাইনে বৈঠকের চেয়ে সরাসরি দ্বিপক্ষীয় সফরেই বাংলাদেশ বেশি আগ্রহী বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। সবকিছু অনুকূলে থাকলে তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর ঢাকা-দিল্লি সম্পর্কের নতুন সমীকরণ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন