সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

মাদারীপুরে মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৪ শিক্ষার্থী আহত

নিউজ ডেস্ক

মাদারীপুরের কালকিনিতে একটি মহিলা মাদ্রাসার পাশে হাতবোমা বিস্ফোরণে চার শিক্ষার্থী আহত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকালে কালকিনি পৌর এলাকার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসার পাশে এ ঘটনা ঘটে।

আহতরা হলো—আবিদা (৮), জান্নাত (৯), মিনহা (১০) ও মাইমুনা (৯)। বিস্ফোরণে আহত শিক্ষার্থীদের প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের প্রয়োজন অনুযায়ী জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মাদ্রাসার পাশের ইমন সরদারের বসতঘরের সামনে হঠাৎ একটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী আহত হয়।

ঘটনার খবর পেয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। বিস্ফোরণের কারণ ও এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

ইমন সরদার বলেন, ‘আমার ঘরের সামনে কীভাবে বোমা বিস্ফোরিত হলো, তা আমি জানি না।’

মাদ্রাসার মুহতামিম হাফিজুর রহমান বলেন, ‘মাদ্রাসার পাশে হঠাৎ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে চারজন শিক্ষার্থী আহত হয়েছে।’

কালকিনি থানার ওসি মো. জহিরুল আলম বলেন, মাদ্রাসায় বোমা বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। বিস্ফোরণের উৎস ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন