অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতিস্থাপনকারীদের সহিংসতা ও চাপ আরও বাড়ছে। সর্বশেষ কুসরা এলাকায় কয়েকটি ফিলিস্তিনি পরিবারকে নিজেদের বাড়ি ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে ওই এলাকার কয়েকটি বাড়ি ঘিরে রেখে পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে।
বিবিসির প্রতিবেদনের বরাত দিয়ে জানা গেছে, পশ্চিম তীরের কুসরা এলাকায় গত রোববার থেকে তিনটি ফিলিস্তিনি বাড়ি ঘিরে রাখে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। এ সময় বাড়িগুলোর পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
কুসরার মেয়র জানিয়েছেন, পুরো গ্রামকে বন্ধ সামরিক এলাকা ঘোষণা করে স্থানীয় ফিলিস্তিনিদের বাড়িঘর ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি কয়েকটি ফিলিস্তিনি বাড়ি ইসরায়েলি বাহিনী ব্যারাক হিসেবেও ব্যবহার করছে বলে অভিযোগ রয়েছে।
তবে ইসরায়েলি বাহিনীর দাবি, স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতেই সেখানে এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে পশ্চিম তীরে ইসরায়েলি বসতিস্থাপনকারীদের সহিংসতা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছে আন্তর্জাতিক বিভিন্ন মহল। ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি স্থাপনকে আন্তর্জাতিক আইনের আওতায় অবৈধ হিসেবে বিবেচনা করা হয়।
অধিকৃত পশ্চিম তীরে বসতিস্থাপন সম্প্রসারণ ও ফিলিস্তিনিদের উচ্ছেদের অভিযোগকে কেন্দ্র করে অঞ্চলটিতে উত্তেজনাও ক্রমেই বাড়ছে। সাম্প্রতিক ঘটনাগুলো নতুন করে স্থানীয় ফিলিস্তিনি পরিবারগুলোর নিরাপত্তা ও বাস্তুচ্যুতি নিয়ে উদ্বেগ তৈরি করেছে।

