ইরানের সঙ্গে চলমান সংঘাতে জয়ী হওয়ার পর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার নিউইয়র্কে পুলিশ একাডেমির এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ট্রাম্প এমন মন্তব্য করেন বলে জানিয়েছে আল জাজিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ট্রাম্প বলেন, ইরানকে যুদ্ধে পরাজিত করার পর, বিশেষ করে ‘খুব খারাপভাবে পরাজিত’ করার পর, তিনি শিগগিরই হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন।
তিনি বলেন, বিশ্ববাসীকে মনে রাখতে হবে যুক্তরাষ্ট্র বিশ্বে বড় ধরনের একটি কাজ করতে যাচ্ছে।
ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ অব্যাহত রাখার কথাও জানান ট্রাম্প। তাঁর ভাষায়, এই অবরোধ বন্ধ হবে না এবং এটি ‘ইস্পাতের দেওয়াল’।
হরমুজ ঘিরে উত্তেজনা
ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও তেহরানের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। এর ধারাবাহিকতায় গত ২৮ ফেব্রুয়ারি ইরানে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। এর পর থেকেই দুই দেশের মধ্যে সরাসরি সংঘাত তীব্র হয়।
সংঘাতের শুরুতেই হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজ চলাচলে অবরোধ আরোপ করে ইরান। এর প্রতিক্রিয়ায় এপ্রিল মাসে ইরানের বন্দরগুলোতে অবরোধ দেয় যুক্তরাষ্ট্র।
প্রায় তিন মাস পর ১৭ জুন ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। তবে ৫ জুলাই আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) হামলার অভিযোগের পর আবারও দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ে।
পরিস্থিতির ধারাবাহিকতায় ১৩ জুলাই ইসলামাবাদ সমঝোতা থেকে সরে গিয়ে হরমুজ প্রণালিতে পুনরায় অবরোধ আরোপ করে তেহরান। এর জবাবে ইরানের বন্দরগুলোতে আরও কঠোর অবরোধ জারি করে ওয়াশিংটন।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি ও বাণিজ্যপথ হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি পদক্ষেপে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

