বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

গুম-খুন ও নির্যাতনের শিকার পরিবার পাবে সরকারি স্বীকৃতি: আজম খান

নিউজ ডেস্ক

গত ১৮ বছরে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। নির্যাতিত পরিবারগুলোকে গেজেটভুক্ত করার পাশাপাশি তাদের কল্যাণে পৃথক একটি অধিদপ্তর গঠনের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় মন্ত্রী এসব কথা বলেন।

আহমেদ আজম খান বলেন, গত ১৮ বছরে গুম, খুন ও বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হওয়া পরিবারগুলোর বিষয় সরকার গুরুত্ব দিয়ে দেখছে। তাদের যথাযথ মূল্যায়ন ও রাষ্ট্রীয় স্বীকৃতির অংশ হিসেবে গেজেট প্রকাশের উদ্যোগ নেওয়া হবে। এ জন্য একটি নতুন অধিদপ্তর গঠনের পরিকল্পনাও রয়েছে।

তিনি বলেন, দীর্ঘ ১৮ বছরের নানা সমস্যা ও জটিলতা দূর করতে সরকারের আরও সময় প্রয়োজন। মাত্র পাঁচ মাসের মধ্যে সরকারের কর্মকাণ্ড নিয়ে ব্যর্থতার অভিযোগ তোলা সমালোচকদের রাজনৈতিক অবস্থান বলেও মন্তব্য করেন তিনি।

দেশের বর্তমান গ্যাস, জ্বালানি ও রাজনৈতিক সংকটের জন্য বিগত সরকারের রেখে যাওয়া সমস্যাগুলোকে দায়ী করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। এসব সংকট সমাধানে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

জুলাই গণ-অভ্যুত্থানে প্রকৃত ভূমিকা পালনকারীদের গেজেটভুক্ত করার বিষয়েও নতুন করে আবেদন গ্রহণ করা হবে বলে জানান আহমেদ আজম খান। যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত অংশগ্রহণকারীদের তালিকায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

এ ছাড়া গত ১৮ বছরে বিএনপির সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততার কারণে যেসব মুক্তিযোদ্ধার নাম তালিকা থেকে বাদ পড়েছিল, তাদের বিষয়ও পুনর্বিবেচনা করা হচ্ছে বলে জানান মন্ত্রী।

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্মরণ করে আহমেদ আজম খান বলেন, দীর্ঘ সময় রাজনৈতিকভাবে প্রতিকূল পরিস্থিতির মধ্যে থাকা সত্ত্বেও তিনি মানুষের আস্থা ও ভালোবাসায় স্মরণীয় হয়ে আছেন। অন্যদিকে একসময় যাদের ওপর মানুষ আশা ও ভরসা করেছিল, সময়ের ব্যবধানে তাদের অনেকেই জনমনে নিন্দিত হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন