নিউজ ডেস্ক
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে গুরুতর রসদ সংকট ও অভ্যন্তরীণ নানা সমস্যায় পড়েছে মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন (সিভিএন-৭২)। দ্য নিউইয়র্ক টাইমস-এর বরাত দিয়ে জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর রণতরীটির রসদ সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে হয়। সংঘাতের শুরুতে ওই ঘাঁটি থেকেই মার্কিন নৌবাহিনীর রণতরীগুলোতে প্রয়োজনীয় রসদ পৌঁছানো হতো।
তবে ইরানি হামলার পর নিরাপত্তাজনিত কারণে সরবরাহ ব্যবস্থার কেন্দ্র পরিবর্তন করা হয়। বর্তমানে ওমান উপসাগরে মোতায়েন মার্কিন স্ট্রাইক গ্রুপগুলোর জন্য ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়ায় অবস্থিত ব্রিটিশ সামরিক ঘাঁটি থেকে রসদ সরবরাহ করা হচ্ছে।
ওমান উপসাগরে অবস্থানরত মার্কিন নৌবহর থেকে ডিয়েগো গার্সিয়ার দূরত্ব ৩ হাজার ৫০০ কিলোমিটারেরও বেশি। ফলে এত দীর্ঘ পথ পাড়ি দিয়ে রসদ পরিবহনে জটিলতা তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
সুপেয় পানি ও রেশনে ঘাটতির অভিযোগ
রণতরীটির অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। মার্কিন সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল ভারপ্রাপ্ত নৌসচিব হাং কাও এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে চিঠি দিয়ে পরিস্থিতির আনুষ্ঠানিক তদন্ত দাবি করেছেন।
চিঠিতে তিনি রণতরীতে দীর্ঘদিন ধরে সুপেয় পানির দূষণ এবং নিত্যপ্রয়োজনীয় রেশনের ঘাটতিসহ বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করেছেন।
এ ছাড়া দীর্ঘ সময় সমুদ্রে মোতায়েন থাকার কারণে নৌসেনাদের মানসিক স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব পড়েছে বলে অভিযোগ উঠেছে। এমনকি কয়েকজন সেনাসদস্য জাহাজ থেকে সমুদ্রে লাফ দেওয়ার চেষ্টা করেছেন—এমন দাবিও সামনে এসেছে।
তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় নৌসেনাদের সমুদ্রে লাফিয়ে পড়ার এসব দাবি অস্বীকার করেছে।
দ্রুত বদলানো হবে রণতরী
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রণতরীটির নাবিকদের পরিবারের উদ্বেগকে খাটো করে দেখেছেন। তিনি বলেছেন, জাহাজটি দীর্ঘদিন মোতায়েন থাকলেও সেটি ‘যথেষ্ট দীর্ঘ নয়’।
ট্রাম্প জানান, শিগগিরই অন্য একটি বিমানবাহী রণতরী দিয়ে ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে প্রতিস্থাপন করা হবে।
মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যে বিশ্বের অন্যতম শক্তিশালী মার্কিন বিমানবাহী রণতরীর রসদ সরবরাহ ও নাবিকদের কল্যাণ নিয়ে এ ধরনের অভিযোগ সামনে আসায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

