বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

উন্নয়ন ও রাষ্ট্র সংস্কারে বাধা দিলে রুখে দাঁড়াতে হবে

নিউজ ডেস্ক

উন্নয়ন কর্মকাণ্ডে বাধা, রাজপথে বিশৃঙ্খলা এবং মিথ্যা তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টার বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৬ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত, স্থানীয় জেলেদের মধ্যে পোনা বিতরণ এবং এলাকাবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, যারা দেশের উন্নয়ন কর্মকাণ্ডে বাধা দেবে, রাজপথে অস্থিরতা সৃষ্টি করবে কিংবা মিথ্যা তথ্যের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করবে, তাদের বিরুদ্ধে জনগণকেই ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।

তিনি বলেন, অতীতে যারা মানুষের কথা বলার অধিকার ও রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেছে এবং জনগণের ভাগ্য পরিবর্তনের পথ রুদ্ধ করেছে, তাদের বিরুদ্ধে দেশের মানুষ প্রতিরোধ গড়ে তুলেছিল। জনগণের আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, এখন দেশের সামনে এগিয়ে যাওয়ার সময়। উন্নয়ন ও পুনর্গঠনের কাজে ব্যর্থ হলে এর খেসারত সাধারণ মানুষকেই দিতে হবে। অতীতে দেশের অর্থ-সম্পদ লুটপাট ও বিদেশে পাচারের অভিযোগের কথাও তুলে ধরেন তিনি।

রাষ্ট্র পুনর্গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, দেশের মালিক জনগণ। তাই দেশকে নতুন করে গড়ে তুলতে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। সবাইকে হাতে হাত রেখে রাষ্ট্র মেরামত ও দেশ পুনর্গঠনের কাজে এগিয়ে আসতে হবে।

গণতান্ত্রিক অধিকার রক্ষায় জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনাও স্মরণ করেন। তিনি বলেন, সেদিন ছাত্র-জনতা রাজপথে নেমে স্বৈরাচারকে বিদায় করেছিল। সেই জনগণকেই এখন দেশের গণতান্ত্রিক অধিকার ও স্বার্থ রক্ষায় সজাগ থাকতে হবে।

তিনি আরও বলেন, দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নেয় কিংবা জনগণের জন্য নেওয়া কার্যকর উদ্যোগগুলোতে বিশৃঙ্খলা সৃষ্টি করে—এমন কর্মকাণ্ডের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, মৎস্যজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় পৌঁছালে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। পরে তিনি পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন