সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। তবে এ বিষয়ে আদালতের কার্যক্রম নিয়ে মন্তব্য করতে রাজি হননি নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
রোববার (১৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রিটের বিষয়ে জানতে চাইলে আখতার আহমেদ বলেন, আদালতের বিষয়ে মন্তব্য করার এখতিয়ার তার নেই।
আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের পক্ষে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে নির্বাচন কমিশনে।
রোববার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দুটি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
আখতার আহমেদ বলেন, রাষ্ট্রপতি নির্বাচন-২০২৬-এর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন ছিল রোববার। অলি আহমেদের নামে দুটি মনোনয়নপত্র জমা পড়েছিল। সেগুলোর মধ্যে যাচাই-বাছাই করে একটি সঠিক ও গ্রহণযোগ্য হিসেবে পাওয়া গেছে এবং সেটি বৈধ ঘোষণা করা হয়েছে।
তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্রও যাচাই-বাছাই শেষে সঠিক পাওয়া গেছে। ফলে বর্তমানে অলি আহমেদ ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ রয়েছে।
নির্বাচন কমিশনের সময়সূচি অনুযায়ী, আগামী ১৮ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এরপর ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।
রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের কোনো নির্দেশনা এলে নির্বাচনী তফসিলে তার প্রভাব পড়বে কি না, সে বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

