বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

স্বৈরাচার সরকারের অপরিকল্পিত পদক্ষেপের জন্য বিদ্যুৎ ও জ্বালানির সমস্যা: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

দেশজুড়ে চলমান বিদ্যুৎ সংকটের জন্য বিগত আওয়ামী লীগ সরকারের অপরিকল্পিত পরিকল্পনা ও বিভিন্ন পদক্ষেপকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শুধু রাজধানী নয়, দেশের জেলা ও উপজেলা পর্যায়েও মানুষ বিদ্যুতের দুর্ভোগে পড়েছেন।

রোববার সকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, দেশের বিভিন্ন এলাকার মানুষ বর্তমানে বিদ্যুতের কষ্ট ভোগ করছেন। স্বৈরাচার হিসেবে উল্লেখ করা বিগত সরকারের অপরিকল্পিত পরিকল্পনা ও বিভিন্ন সিদ্ধান্তের কারণেই বিদ্যুৎ ও জ্বালানি খাতে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

বিদ্যুৎ সংকট সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণ বিএনপিকে নির্বাচিত করেছে এবং বিএনপি জনগণের দল। তাই দেশের মানুষের স্বার্থেই সরকার কাজ করবে।

তিনি জানান, আগামী ২৭ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন আবার শুরু হবে। ওই অধিবেশনে আগামী ১০ বছরে কীভাবে দেশের বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান করা হবে, সে বিষয়ে সরকারের পরিকল্পনা জাতীয় সংসদে জনগণের সামনে তুলে ধরা হবে।

এর আগে সকাল ১১টা ২৪ মিনিটের দিকে ঢাকা থেকে সড়কপথে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও স্থানীয়দের মধ্যে পোনা বিতরণের মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন তিনি।

রাজধানীর বাইরে দ্বিতীয়বারের মতো জাতীয় মৎস্য পক্ষের কেন্দ্রীয় উদ্বোধনী আয়োজন করা হচ্ছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও কটিয়াদীতে। কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন।

পরে প্রধানমন্ত্রীর কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শনের কথা রয়েছে। এরপর দুপুর ১টায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবং জাতীয় মৎস্য পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন