সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

সামরিক ও রাজনৈতিক উভয় যুদ্ধেই ইরানের বিজয় হয়েছে: মোহাম্মদ বাঘের গালিবাফ

নিউজ ডেস্ক

চলমান সংঘাতের মধ্যে সামরিক ও রাজনৈতিক—উভয় ক্ষেত্রেই ইরান ‘প্রকৃত বিজয়’ অর্জন করেছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

রোববার (১৬ আগস্ট) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজে প্রকাশিত এক বক্তব্যে সংঘাতের পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন তিনি।

গালিবাফ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরিচালিত সামরিক অভিযানকে ‘কাপুরুষোচিত যুদ্ধ’ হিসেবে আখ্যায়িত করেন। তার দাবি, প্রতিকূল পরিস্থিতিতেও ইরানের জনগণ সাহস, দৃঢ়তা ও বীরত্বের সঙ্গে প্রতিরোধ গড়ে তুলেছে।

তিনি বলেন, সংঘাতের সময় ইরানের জনগণের ঐক্য ও প্রতিরোধ দেশটির অবস্থানকে শক্তিশালী করেছে। সামরিক প্রতিরোধের পাশাপাশি কূটনৈতিক ক্ষেত্রেও ইরান গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে বলে মন্তব্য করেন তিনি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সমঝোতা স্মারকের প্রসঙ্গ তুলে গালিবাফ বলেন, এই চুক্তি ইরানের জন্য সম্মান ও বিজয়ের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। তার মতে, কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে অর্জিত এই সমঝোতা সংঘাতের সময় অর্জিত সামরিক ও রাজনৈতিক সাফল্যকে আরও সুসংহত করেছে।

ইরানের পার্লামেন্ট স্পিকারের বক্তব্যে স্পষ্ট, চলমান সংঘাতকে তেহরান শুধু সামরিক সংঘর্ষ হিসেবে দেখছে না; বরং এর কূটনৈতিক ও রাজনৈতিক ফলাফলকেও নিজেদের সাফল্যের অংশ হিসেবে বিবেচনা করছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন