রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

১৭ বছরের সব হ*ত্যাকাণ্ডের বিচার করা হবে: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক

গত ১৭ বছরে দেশে সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি বলেন, দেশে ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার কাজ করে যাচ্ছে।

রোববার (১৬ আগস্ট) বরিশাল জেলা আইনজীবী সমিতির আধুনিক ১০ তলা ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আইনমন্ত্রী অভিযোগ করেন, গত ১৭ বছরে বিএনপির রাজনীতি করার কারণে ৬০ লাখের বেশি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এসব মামলায় এমন ব্যক্তিকেও আসামি করা হয়েছে, যিনি মামলার অনেক আগেই মারা গেছেন বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, গত ১৭ বছরে দেশের রাজনীতি ও আইনের শাসন ক্ষতিগ্রস্ত হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। অতীতে ‘লাল টেলিফোনের’ মাধ্যমে বিচার কার্যক্রম পরিচালনার যে অভিযোগ ছিল, সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার কথাও বলেন তিনি।

আইনমন্ত্রী দাবি করেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর মাত্র ছয় মাসের মধ্যেই জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, ইতোমধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ শুরু হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব নাগরিককে এসব কর্মসূচির আওতায় আনা হবে।

সরকারি ব্যয় কমানোর প্রসঙ্গ তুলে আসাদুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রীর জন্য ব্যবহৃত গাড়ির সংখ্যা ২৮টি থেকে কমিয়ে চারটিতে আনা হয়েছে। এতে সরকারি ব্যয়ের পাশাপাশি রাজধানীর যানজটও কিছুটা কমেছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী হয়েও তার খাবারের ব্যয় ১০০ টাকার মধ্যে রাখার উদাহরণ সরকারের ব্যয় সংযম ও সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতার প্রতিফলন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী বলেন, ১/১১-এর সময় তাকে দেশ ছেড়ে চলে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। বিভিন্ন সুযোগ-সুবিধার প্রস্তাবের পাশাপাশি তার দুই সন্তানকে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি। তবে খালেদা জিয়া দেশ ছেড়ে যাননি বলে মন্তব্য করেন আইনমন্ত্রী।

ফ্যামিলি কার্ড প্রসঙ্গে তিনি বলেন, যারা এর বিরোধিতা করেছিল, তাদের সমালোচনা করে তিনি দাবি করেন, বিএনপি ক্ষমতায় এসে এই কর্মসূচি চালু করেছে। আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি।

আন্তর্জাতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী বলেন, ইরান যুদ্ধের কারণে বিশ্বের বিভিন্ন দেশে তেলের দাম বেড়েছে। বাংলাদেশও পরিস্থিতির প্রভাবের বাইরে নয়। তবে জনগণের ওপর চাপ কমাতে সরকার সর্বশেষ পর্যায়ে তেলের দাম বাড়ানোর চেষ্টা করেছে বলে জানান তিনি।

আইনজীবীদের সঙ্গে মতবিনিময়কালে তাদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা শোনেন মন্ত্রী। এ সময় বরিশালের সাহিত্যিক জীবনানন্দ দাশের কবিতার প্রসঙ্গ টেনে আইনজীবীদের সমস্যাগুলো উপলব্ধি করার কথা জানান তিনি।

এর আগে বরিশাল জেলা আইনজীবী সমিতির ১০ তলা ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন। আরও বক্তব্য দেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন