রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

ফ্যাসিস্ট আমলের চিকিৎসা পদ্ধতি বদলে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক

দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি চিকিৎসা পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

রোববার (১৬ আগস্ট) সকালে ঝিনাইদহের মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ১৭ বছরে দেশের স্বাস্থ্য খাত অবহেলা ও অনিয়মের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসাসেবায় দায়বদ্ধতার ঘাটতি ছিল, যার প্রভাব পড়েছে সাধারণ মানুষের ওপর। বর্তমান সরকার স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ফিরিয়ে এনে চিকিৎসাসেবার মান উন্নয়নে কাজ করছে।

তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আগামী তিন বছরের মধ্যে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ধাপে ধাপে আধুনিক ৯ তলা ভবনে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। বর্তমানে ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে তিন ধাপে ১৫১ শয্যায় উন্নীত করা হবে।

পরিকল্পনার অংশ হিসেবে এসব হাসপাতালে প্রসূতি মায়েদের জন্য ২৫ শয্যার পৃথক ওয়ার্ড এবং শিশুদের জন্য ২০ শয্যার বিশেষ ওয়ার্ড রাখার কথা জানান মন্ত্রী। পাশাপাশি উপজেলা পর্যায়েই কিডনি ডায়ালাইসিসের মতো গুরুত্বপূর্ণ চিকিৎসাসেবা চালুর পরিকল্পনাও রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসক ও নার্সের সংকট, ওষুধের ঘাটতি এবং রোগীদের সেবা পাওয়ার জটিলতা দূর করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারি হাসপাতালের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে এসব পরিকল্পনা বাস্তবায়নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

স্বাস্থ্য খাতে অতীতের অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, সরকারি হাসপাতালের জন্য কেনা ওষুধ, অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিন, অ্যান্টি-স্নেক ভেনমসহ বিভিন্ন জরুরি ওষুধ ও ইনজেকশন বাইরে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। অনেক ক্ষেত্রে রোগীদের প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়নি বলেও অভিযোগ রয়েছে।

এ ছাড়া কিছু হাসপাতালে চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি না থাকা এবং রোগী ও স্বজনদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগও পাওয়া গেছে বলে জানান তিনি।

পরিদর্শনের সময় মন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন। তিনি রোগীদের চিকিৎসাসেবা, ওষুধ ও খাবারের মান সম্পর্কে খোঁজ নেন। পরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও পরিদর্শন করেন।

মন্ত্রী বলেন, “শুধু স্বাস্থ্য খাত নয়, দেশের চিকিৎসা পদ্ধতিকেই নতুনভাবে সাজানো হবে।” সরকারি স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর ও জনবান্ধব করাই সরকারের মূল লক্ষ্য বলেও জানান তিনি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন