বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

বাংলাদেশে বাণিজ্য-বিনিয়োগের নতুন সুযোগ খুঁজতে ঢাকায় ভারতীয় ব্যবসায়ীরা

নিউজ ডেস্ক

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে ভারতের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই)-এর ১৮ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ঢাকায় এসেছে। দুই দিনের সফরে সোমবার (১৭ আগস্ট) ঢাকায় আসা দলটি মঙ্গলবার (১৮ আগস্ট) পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে।

দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কে সাম্প্রতিক টানাপোড়েনের মধ্যেই এই সফর অনুষ্ঠিত হচ্ছে। এমন পরিস্থিতিতে ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ বাড়িয়ে অর্থনৈতিক সম্পর্ক সচল রাখা এবং নতুন বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ তৈরির উদ্যোগ হিসেবে সফরটিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। গত দুই বছরে দুই দেশের বাণিজ্যে বিভিন্ন বাধা ও বন্দরসংক্রান্ত বিধিনিষেধের প্রভাব পড়লেও ব্যবসায়িক সহযোগিতা বাড়ানোর বিষয়ে উভয় দেশের আগ্রহ রয়েছে।

সফরকালে ভারতীয় প্রতিনিধি দলটি বাংলাদেশের সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী সংগঠন এবং বিনিয়োগসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে। আলোচনায় দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগের নতুন সুযোগ, বাজারে প্রবেশের বাধা, অশুল্ক বাণিজ্য প্রতিবন্ধকতা এবং সীমান্ত অবকাঠামো উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।

প্রতিনিধি দলের বৈঠকের তালিকায় রয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর কর্মকর্তাদের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে। সফরের প্রস্তুতির জন্য একটি অগ্রবর্তী দল এরই মধ্যে ঢাকায় এসে কাজ শুরু করেছিল।

ভারতীয় প্রতিনিধি দলে দেশটির বিভিন্ন খাতের বড় শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা রয়েছেন। তাদের মধ্যে গোদরেজ ইন্ডাস্ট্রিজ, অরবিন্দ লিমিটেড, মাহিন্দ্রা গ্রুপ, গোদরেজ কনজিউমার প্রোডাক্টস, লারসেন অ্যান্ড টুব্রো, ফোর্বস মার্শাল, নুমালিগড় রিফাইনারি, বেক্সিমকো আইওসি পেট্রোলিয়াম এবং অ্যাপোলো হাসপাতাল-এর প্রতিনিধিরা রয়েছেন।

এফবিসিসিআইয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে জানা গেছে, প্রতিনিধি দলটি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করতে আগ্রহ প্রকাশ করেছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি।

বাণিজ্য ঘাটতি বড় চ্যালেঞ্জ

বাংলাদেশ ও ভারতের মধ্যে বছরে প্রায় ১২ বিলিয়ন ডলারের বাণিজ্য হলেও এতে বড় ধরনের ভারসাম্যহীনতা রয়েছে। ভারত থেকে বাংলাদেশের আমদানির পরিমাণের তুলনায় ভারতে বাংলাদেশের রপ্তানি অনেক কম—প্রায় ২ বিলিয়ন ডলার। ফলে বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়ানো এবং অশুল্ক বাধা কমানো দুই দেশের বাণিজ্য আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।

সিআইআই মনে করে, দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা দ্বিপক্ষীয় সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। বাজারে প্রবেশের সুযোগ বৃদ্ধি, অশুল্ক বাণিজ্য বাধা কমানো এবং সীমান্ত অবকাঠামোর উন্নয়ন করা গেলে দ্বিপক্ষীয় বাণিজ্য আরও বাড়ানো সম্ভব।

রাজনৈতিক সম্পর্কে অস্বস্তি থাকলেও ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধিদলের এই ঢাকা সফর দুই দেশের অর্থনৈতিক যোগাযোগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। ব্যবসায়ী পর্যায়ে সরাসরি আলোচনা বাড়লে নতুন বিনিয়োগ, যৌথ উদ্যোগ এবং বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি হতে পারে। একই সঙ্গে বাংলাদেশের জন্য ভারতের বড় বাজারে রপ্তানি বাড়ানো এবং বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমানোর পথও খুঁজে বের করার সুযোগ তৈরি হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন