রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

বাংলাদেশকে এডুকেশন হাব হিসেবে গড়তে চাই: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক

বিদেশি বিনিয়োগের পাশাপাশি আন্তর্জাতিক শিক্ষার্থীদের বাংলাদেশে উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে ভিসা নীতি সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ভিসা প্রক্রিয়া সহজ করা হলে বিদেশি শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য তুলনামূলক সহজে বাংলাদেশে আসার সুযোগ পাবেন। এতে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা বাড়ানোর পাশাপাশি বাংলাদেশকে একটি আকর্ষণীয় শিক্ষা গন্তব্য হিসেবে প্রতিষ্ঠার সুযোগ তৈরি হবে।

অনুষ্ঠানে দেশের ৯০টির বেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি অংশ নেন। সেখানে বাংলাদেশের উচ্চশিক্ষার মান উন্নয়ন এবং আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

ড. মিলন বলেন, বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান উন্নত করতে গবেষণার পরিধি ও মান বাড়াতে হবে। একই সঙ্গে উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্ব দিতে হবে।

দেশের বিপুল জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের (টিভিইটি) বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়েও এ ধরনের শিক্ষার প্রসার ঘটানো প্রয়োজন।

মন্ত্রী আরও বলেন, কিউএস র‌্যাংকিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান এগিয়ে নিতে মানসম্মত গবেষণা, আন্তর্জাতিক সহযোগিতা এবং ‘ক্রস-বর্ডার এডুকেশন’ সম্প্রসারণ জরুরি। এর মাধ্যমে বাংলাদেশের উচ্চশিক্ষাকে বৈশ্বিক শিক্ষাব্যবস্থার সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করা সম্ভব হবে।

বাংলাদেশে মেধাবী শিক্ষক ও শিক্ষার্থীর কোনো ঘাটতি নেই উল্লেখ করে ড. মিলন বলেন, দেশের শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভালো ফলাফল করার পাশাপাশি গবেষণায়ও সাফল্য দেখাচ্ছেন। বিদেশে থাকা মেধাবীদের ‘রিভার্স ব্রেইন ড্রেইন’-এর মাধ্যমে দেশে ফিরিয়ে এনে জাতীয় উন্নয়নে কাজে লাগানোর উদ্যোগ নিতে হবে।

বাংলাদেশকে একটি আন্তর্জাতিক ‘এডুকেশন হাব’ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, সেই সক্ষমতা দেশের রয়েছে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের চেয়ারম্যান ড. মো. সবুর খান, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ইশতিয়াক আবেদিন এবং কিউএসের চিফ কমার্শিয়াল অফিসার জেসন নিউম্যান বক্তব্য দেন। কিউএস ইন্ডিয়ার চেয়ারম্যান ড. অশ্বিন ফার্নান্দেজ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন