রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

অর্থবছরের সময়সূচিতে বড় পরিবর্তন, ১ এপ্রিল থেকে ৩১ মার্চ

নিউজ ডেস্ক

বাংলাদেশের অর্থবছরের প্রচলিত সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমানে জুলাই থেকে জুন পর্যন্ত যে অর্থবছর গণনা করা হয়, তা পরিবর্তন করে এপ্রিল থেকে মার্চ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন ব্যবস্থায় ২০২৮-২৯ অর্থবছর থেকে ১ এপ্রিল থেকে ৩১ মার্চ পর্যন্ত অর্থবছর গণনা করা হবে।

পরিবর্তনের মধ্যবর্তী সময়কে একটি অন্তর্বর্তী অর্থবছর হিসেবে বিবেচনা করা হবে। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭-২৮ অর্থবছর নয় মাসের হবে। অর্থাৎ ওই অর্থবছর জুলাই থেকে শুরু হয়ে পরবর্তী বছরের মার্চে শেষ হবে। এরপর ২০২৮-২৯ অর্থবছর থেকে নতুন সময়সূচি কার্যকর হবে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমান অর্থবছর জুলাইয়ে শুরু হওয়ায় বর্ষাকালেই বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ চলতে থাকে। অতিবৃষ্টির কারণে অনেক ক্ষেত্রে প্রকল্পের কাজ বিলম্বিত হয়, নির্মাণকাজের মান ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হয় এবং সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ে।

নতুন অর্থবছর এপ্রিল থেকে শুরু করা হলে বর্ষা শুরুর আগেই বছরের গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়নকাজ শেষ করার সুযোগ তৈরি হবে বলে মনে করছে সরকার। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নের সময়সূচি ও অর্থ ব্যবস্থাপনায় আরও কার্যকর সমন্বয় করা সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে।

অর্থবছরের সময় পরিবর্তনের পরবর্তী করণীয় নির্ধারণে সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে। এতে মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, লেজিসলেটিভ বিভাগ এবং অর্থ বিভাগসহ সংশ্লিষ্ট অংশীজনরা থাকবেন।

তবে নতুন সময়সূচি কার্যকর করতে আইনগত ও প্রশাসনিক কিছু পরিবর্তন আনতে হবে। এজন্য সংবিধান এবং জেনারেল ক্লজেস অ্যাক্ট, ১৮৯৭-এ প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।

পাশাপাশি অর্থবছরের সময় পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারের আর্থিক ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত বিভিন্ন প্রযুক্তিগত ব্যবস্থাতেও প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে প্রস্তুতি নেওয়ার মাধ্যমে ধাপে ধাপে নতুন অর্থবছর কাঠামো বাস্তবায়ন করা হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন