রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

র‌্যাব বিলুপ্ত করে গঠন হচ্ছে এসআরবি, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন

নিউজ ডেস্ক

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে বাংলাদেশ পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন বিশেষায়িত ইউনিট গঠনের উদ্যোগ চূড়ান্ত অনুমোদন পেয়েছে মন্ত্রিসভায়।

সোমবার (১৭ আগস্ট) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিসভায় অনুমোদিত খসড়া অনুযায়ী, বর্তমান র‌্যাব বিলুপ্ত করে পুলিশের আওতায় নতুন এই বিশেষায়িত বাহিনী গঠন করা হবে। আইনটি কার্যকর হওয়ার পর নতুন কাঠামো অনুযায়ী এসআরবি আইনশৃঙ্খলা ও বিশেষায়িত কার্যক্রম পরিচালনা করবে।

নতুন আইনে নাগরিকদের অভিযোগ এবং এসআরবির সদস্যদের অভ্যন্তরীণ অভিযোগ বা সংক্ষোভ নিষ্পত্তির জন্য একটি বহুপক্ষীয় অভিযোগ প্রতিকার কমিটি গঠনের বিধান রাখা হয়েছে। এর মাধ্যমে ইউনিটটির কার্যক্রম ও সদস্যদের বিরুদ্ধে ওঠা অভিযোগ যাচাই ও নিষ্পত্তির জন্য প্রাতিষ্ঠানিক ব্যবস্থা তৈরি হবে।

খসড়ায় র‌্যাব বিলুপ্তির পর বিদ্যমান জনবল ও সম্পদ নতুন ইউনিটে স্থানান্তরের বিধানও রাখা হয়েছে। এর আওতায় র‌্যাবের জনবল, আদেশ, ক্ষমতা, কর্তৃত্ব, সুযোগ-সুবিধা, তহবিল, সম্পত্তি, হিসাব, রেকর্ডসহ সংশ্লিষ্ট অন্যান্য সম্পদ এসআরবির কাছে হস্তান্তর করা হবে।

এ ছাড়া নতুন বিধিমালা প্রণয়ন ও কার্যকর না হওয়া পর্যন্ত র‌্যাব-সংক্রান্ত বিভাগীয় কার্যধারার বিদ্যমান বিধিমালা প্রয়োজনীয় অভিযোজনের মাধ্যমে বহাল রাখার ব্যবস্থা রাখা হয়েছে।

মন্ত্রিসভায় অনুমোদনের আগে খসড়াটি লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সম্পন্ন হয়েছে। এরপরই এর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষ হওয়ার পর নতুন আইনি কাঠামোর আওতায় র‌্যাবের পরিবর্তে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বা এসআরবি কার্যক্রম পরিচালনা করবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন