ব্যবহারকারীদের প্রতারণামূলক বার্তা থেকে আগেভাগে সতর্ক করতে নতুন নিরাপত্তা সুবিধা চালু করেছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। ‘স্ক্যাম অ্যালার্ট’ নামের এই ফিচারটি ডিভাইসভিত্তিক মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করে সম্ভাব্য প্রতারণার ধরন শনাক্ত করে ব্যবহারকারীকে সতর্ক করবে।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ব্লিপিং কম্পিউটারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বর্তমানে ‘স্ক্যাম অ্যালার্ট’ ফিচারটি সীমিত পরিসরে বেটা সংস্করণে পরীক্ষা করা হচ্ছে। হোয়াটসঅ্যাপের বাগ বাউন্টি কমিউনিটির গবেষকদের সহায়তায় নতুন নিরাপত্তা ব্যবস্থাটির কার্যকারিতা যাচাই করা হচ্ছে।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ফিচারটি সম্পূর্ণ ঐচ্ছিক। ডিভাইসে থাকা লোকাল মেশিন লার্নিং মডেল সম্ভাব্য স্ক্যাম বার্তার ধরন বিশ্লেষণ করে সতর্কতা দেবে। এ সময় বার্তার বিষয়বস্তু ডিভাইসের বাইরে পাঠানো হবে না এবং এন্ড-টু-এন্ড এনক্রিপশনও বজায় থাকবে।
প্রতিষ্ঠানটির দাবি, এই প্রক্রিয়ায় কোনো বার্তা স্বয়ংক্রিয়ভাবে হোয়াটসঅ্যাপ, মেটা বা অন্য কোনো পক্ষের কাছে রিপোর্ট হবে না। ব্যবহারকারী চাইলে যেকোনো সময় ফিচারটি বন্ধ করে দিতে পারবেন।
যেভাবে কাজ করবে ‘স্ক্যাম অ্যালার্ট’
অপরিচিত নম্বরের বার্তা বিশ্লেষণ:
স্ক্যাম বা প্রতারণামূলক কথোপকথনের বিভিন্ন ধরন দিয়ে মডেলটি প্রশিক্ষিত করা হয়েছে। কন্টাক্ট তালিকায় নেই—এমন নম্বর থেকে আসা বার্তার ভাষা ও কথোপকথনের ধরন বিশ্লেষণ করে সম্ভাব্য প্রতারণার প্যাটার্ন শনাক্ত করার চেষ্টা করবে এটি।
চ্যাটে সতর্কবার্তা:
কোনো কথোপকথনে প্রতারণার সম্ভাবনা শনাক্ত হলে চ্যাট বক্সে সতর্কবার্তা দেখাবে হোয়াটসঅ্যাপ। এরপর ব্যবহারকারী চাইলে ওই অ্যাকাউন্ট ব্লক বা রিপোর্ট করতে পারবেন। আবার চাইলে কথোপকথন চালিয়েও যেতে পারবেন।
ভুল সতর্কতা সরানোর সুযোগ:
কোনো চ্যাটকে ভুলভাবে স্ক্যাম হিসেবে শনাক্ত করা হয়েছে মনে হলে ব্যবহারকারী সেটিকে ‘বিশ্বস্ত’ হিসেবে চিহ্নিত করতে পারবেন। এতে সতর্কবার্তা সরিয়ে দেওয়া হবে এবং ওই চ্যাটকে পরবর্তী সময়ে স্ক্যাম হিসেবে ফ্ল্যাগ না করার ব্যবস্থা থাকবে।
ফিচার উন্নতিতে ব্যবহারকারীর সহায়তা:
ব্যবহারকারী চাইলে কোনো চ্যাটকে বিশ্বস্ত হিসেবে চিহ্নিত করার পাশাপাশি সর্বশেষ পাঁচটি বার্তা হোয়াটসঅ্যাপের সঙ্গে শেয়ার করতে পারবেন। নতুন প্রযুক্তির কার্যকারিতা উন্নত করতে এই তথ্য ব্যবহার করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এর আগে চলতি বছরের শুরুতে সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্বসহ উচ্চঝুঁকিতে থাকা ব্যবহারকারীদের লক্ষ্য করে পরিচালিত স্পাইওয়্যার হামলা থেকে সুরক্ষা দিতে ‘স্ট্রিক্ট অ্যাকাউন্ট সেটিংস’ চালু করেছিল হোয়াটসঅ্যাপ।
নতুন ‘স্ক্যাম অ্যালার্ট’ ফিচারটি সাধারণ ব্যবহারকারীদের অনলাইন প্রতারণা সম্পর্কে সচেতন করার পাশাপাশি সন্দেহজনক কথোপকথন শনাক্তে বাড়তি সুরক্ষা দিতে পারে বলে মনে করা হচ্ছে।

