হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশে (পিআইবি) বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বাটজা) আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ তথ্য জানান।
থার্ড টার্মিনালের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বিমানমন্ত্রী বলেন, আগের সরকার টার্মিনালটির কাজ অসম্পূর্ণ ও অগোছালো অবস্থায় রেখে গেছে। পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারও প্রকল্পটির কাজে উল্লেখযোগ্য অগ্রগতি করতে পারেনি।
তবে বর্তমান সরকার দ্রুত প্রকল্পটির কাজ শেষ করে টার্মিনালটি চালুর উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি। মন্ত্রী বলেন, চলতি বছরেই থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। বর্তমানে আগামী ১৬ ডিসেম্বর টার্মিনালটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে।
থার্ড টার্মিনাল চালু হলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রীসেবা ও বিমান পরিচালনার সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে। আন্তর্জাতিক মানের আধুনিক সুবিধা যুক্ত এই টার্মিনালের মাধ্যমে বিমানবন্দরের ওপর বিদ্যমান চাপ কমানোর পাশাপাশি যাত্রীদের সেবার মান উন্নত করার লক্ষ্য রয়েছে।
এদিকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাইলট হিসেবে গড়ে তুলতে নতুন একটি ফ্লাইং একাডেমি চালুর পরিকল্পনার কথাও জানিয়েছেন বিমানমন্ত্রী। এ বিষয়ে সরকার কাজ করছে বলে তিনি জানান।

