নিউজ ডেস্ক
পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। শারীরিক অবস্থার অবনতির পাশাপাশি পরিবারের দীর্ঘদিনের উদ্বেগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৮ আগস্ট) তিন বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ৭৩ বছর বয়সী ইমরান খানকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া হবে। সেখানে আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত তার চিকিৎসা চলবে।
আদেশে ইমরান খানের চিকিৎসার জন্য একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। ওই বোর্ডে তার ব্যক্তিগত চিকিৎসক এবং বোন ড. উজমা খানকে অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে।
হাসপাতালে থাকাকালে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগ এবং বিদেশে থাকা দুই ছেলের সঙ্গে যোগাযোগের অনুমতিও দিতে নির্দেশ দিয়েছেন আদালত।
দীর্ঘদিন ধরে চিকিৎসা নিয়ে উদ্বেগ
২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হওয়া ইমরান খান। সম্প্রতি তার আইনজীবী ও স্বজনেরা অভিযোগ করেন, দীর্ঘদিন কারাগারে চিকিৎসা না পাওয়া এবং একাকী অবস্থায় থাকার কারণে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে।
তাদের দাবি, ইমরান খান উচ্চ রক্তচাপসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। এমনকি তার ডান চোখের দৃষ্টিশক্তিও মারাত্মকভাবে কমে গেছে বলে আদালতে অভিযোগ করা হয়েছিল।
সুপ্রিম কোর্টের আদেশকে স্বাগত জানিয়েছে ইমরান খানের দল পিটিআই। দলটির মুখপাত্র জুলফিকার বুখারি বলেন, আদালতের সিদ্ধান্তকে তারা স্বাগত জানাচ্ছেন। তার মতে, এই সিদ্ধান্ত আরও আগে এলে ইমরানের শারীরিক ও চোখের অবস্থার এতটা অবনতি হতো না।
ইমরানের চিকিৎসকদের পূর্ণাঙ্গ পরামর্শ না পাওয়া পর্যন্ত তাকে হাসপাতালে রাখার দাবিও জানিয়েছেন তিনি।
ক্ষমতাচ্যুতির পর শতাধিক মামলা
২০২২ সালে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর ইমরান খানের বিরুদ্ধে শতাধিক মামলা করা হয়। তার দল ও সমর্থকদের অভিযোগ, রাজনৈতিকভাবে তাকে দুর্বল করা এবং রাজনীতি থেকে দূরে রাখতেই এসব মামলা দায়ের করা হয়েছে।
তবে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে ইমরান খানের বিরুদ্ধে চলমান মামলাগুলো নিয়ে দীর্ঘদিন ধরেই তীব্র বিতর্ক রয়েছে। সুপ্রিম কোর্টের সর্বশেষ নির্দেশ তার চিকিৎসা ও কারাবন্দি অবস্থার বিষয়ে নতুন করে রাজনৈতিক ও জনআলোচনার জন্ম দিয়েছে।

