নিউজ ডেস্ক
রোহিঙ্গাদের উপস্থিতি বাংলাদেশের ওপর বহুমুখী চাপ তৈরি করছে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ বিভিন্ন ধরনের অপকর্মে জড়িয়ে পড়ছে। একই সঙ্গে রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতিতেও বড় ধরনের চাপ সৃষ্টি করছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজে আয়োজিত তিন সপ্তাহব্যাপী ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সেনাপ্রধান।
জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, রোহিঙ্গাদের উপস্থিতির কারণে দেশের ওপর নানা ধরনের চাপ তৈরি হয়েছে। এর মধ্যে পরিবেশের ক্ষতি, মাদক চোরাচালানসহ বিভিন্ন অপকর্মের বিষয় রয়েছে। পাশাপাশি রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতির ওপরও বড় ধরনের চাপ সৃষ্টি করছে।
অনুষ্ঠানে তিন সপ্তাহব্যাপী ক্যাপস্টোন কোর্সে অংশ নেওয়া ফেলোদের মধ্যে সনদপত্র বিতরণ করেন সেনাপ্রধান।
এবারের ক্যাপস্টোন কোর্সে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, বিশিষ্ট শিক্ষাবিদ, সিনিয়র চিকিৎসক, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ প্রতিনিধি, কূটনীতিক, সাংবাদিক এবং করপোরেট প্রতিনিধিসহ বিভিন্ন পেশার মোট ৩৭ জন ফেলো অংশ নেন।
সমাপনী অনুষ্ঠানে কোর্সের বিভিন্ন কার্যক্রম ও অর্জন তুলে ধরা হয়। এ কোর্সের মাধ্যমে অংশগ্রহণকারীরা জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পান।

