রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

​লামায় ৪৫ জন কৃতি ক্রীড়াবিদকে সংবর্ধনা

আমিনুল ইসলাম খন্দকার, বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের লামায় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী ৪৫ জন ক্রীড়াবিদকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা।

​বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টায় লামা উপজেলা পরিষদ মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে ‘৩০তম জাতীয় কারাতে প্রতিযোগিতা-২০২৬’, ‘১০ম সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ’, ‘২য় অনুর্ধ্ব সাউথ এশিয়ান কারাতে কাপ-২০২৬’ এবং ‘নতুন কুঁড়ি স্পোর্টস (২০২৫-২০২৬)’-এ সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদদের সম্মাননা জানানো হয়।

​লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— লামা উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান আলী, লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সোলায়মান আহমেদ, সহকারী তথ্য কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল হক রাসেল, লামা থানার ওসি (তদন্ত) মো. নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ময়নুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব চৌধুরী মুহাম্মদ সুজন, মহামুনি শিশু সদনের প্রতিষ্ঠাতা ও আন্তর্জাতিক কারাতে রেফারি সি মং এবং জাতীয় ক্রীড়াবিদ ও ২০১০ সালের স্বর্ণপদকপ্রাপ্ত কারাতে খেলোয়াড় জয়প্রু মারমাসহ স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিরা।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, পাহাড়ি জনপদ লামার তরুণ-তরুণীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ক্রীড়াক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করে পুরো বান্দরবান জেলার মুখ উজ্জ্বল করছেন।

​সভাপতির বক্তব্যে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন বলেন, “লামার প্রত্যন্ত এলাকার অনেক প্রতিভাবান খেলোয়াড় পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবে অনেক সময় তাদের প্রতিভা বিকশিত করতে পারেন না। স্থানীয় ক্রীড়াবিদদের সঠিক স্বীকৃতি প্রদান এবং তাদের ভবিষ্যৎ ক্রীড়া কর্মকাণ্ডে আরও বেশি উৎসাহিত করতেই আমাদের এই উদ্যোগ।”

​উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব চৌধুরী মুহাম্মদ সুজন বলেন, “জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে লামার কৃতি ক্রীড়াবিদদের এই সাফল্যের ধারা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে আমরা দৃঢ় আশাবাদী।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন