রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি ঘোষণা, প্রজ্ঞাপন প্রকাশ

নিউজ ডেস্ক

বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ ও গণনা শেষে ফলাফল প্রকাশের পর ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ধারা ১১ অনুযায়ী নির্বাচনি কর্তা ও নির্বাচন কমিশনারের ঘোষণার ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা, ১৯৯১-এর বিধি ১২(৬) অনুসারে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করা হলো।

দীর্ঘ প্রায় ৩৫ বছর পর এবার জাতীয় সংসদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে গণনা করে আনুষ্ঠানিক ফল ঘোষণা করেন নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

বৃহস্পতিবার বিকেল ৫টার পর ভোট গণনা শেষে ফল ঘোষণা করা হয়। সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন। তাদের মধ্যে ভোট দিয়েছেন ৩৪৩ জন।

ঘোষিত ফল অনুযায়ী, বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়েছেন। অন্যদিকে বিরোধীদলীয় জোট সমর্থিত প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

ভোটের ফল ঘোষণার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান তিনি।

এর মধ্য দিয়ে প্রায় তিন দশকের বেশি সময় পর দেশের রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হলেন। আগামীকাল শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ নেওয়ার কথা রয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন