রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের প্রত্যন্ত এলাকায় একটি চার্টার বিমান বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ আগস্ট) পশ্চিম আলাস্কার একটি রাডার স্থাপনার কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে।

মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ও সামরিক কর্মকর্তারা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

এফএএর প্রাথমিক তথ্য অনুযায়ী, সেসনা ৪৪১ মডেলের বিমানটি আলাস্কার অ্যাংকারেজ থেকে যাত্রা শুরু করে কেপ নিউএনহামের উদ্দেশে যাচ্ছিল। অ্যাংকারেজ থেকে প্রায় ৪৫০ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত গন্তব্যের কাছাকাছি স্থানীয় সময় দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে বিমানটি বিধ্বস্ত হয়।

বিমানটিতে দুই পাইলটসহ মোট আটজন ছিলেন। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) আলাস্কা অঞ্চলের প্রধান ক্লিন্ট জনসন জানান, নিহতদের মধ্যে ছয়জন যাত্রী ও দুইজন পাইলট ছিলেন। বিমানটি পরিচালনা করছিল চার্টার কোম্পানি সিকিউরিটি এভিয়েশন।

আলাস্কান কমান্ড জানিয়েছে, বিমানটি একটি বেসামরিক ঠিকাদারের পরিচালিত ফ্লাইট ছিল। দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে বিমানে থাকা আটজনের সবাই নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে।

দুর্ঘটনাস্থলটি কেপ নিউএনহাম বিমানবন্দরের কাছে। বিমানবন্দরটি একটি বিমানবাহিনীর রানওয়ে হিসেবে ব্যবহৃত হয় এবং সেখান থেকে কাছাকাছি লং রেঞ্জ রাডার স্থাপনায় যাতায়াত করা হয়।

তবে বিমানটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন