মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন মন্ত্রণালয়ে

নিউজ ডেস্ক

নতুন করে শপথ নেওয়া চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। একই সঙ্গে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রীর পদেও পরিবর্তন আনা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীকে শপথ পড়ান। এর আগে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি।

দায়িত্ব বণ্টন অনুযায়ী, আবদুল মঈন খানকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। সাচিং প্রু জেরী পেয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব। আন্দালিভ রহমান পার্থকে তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী এবং এম রশিদুজ্জামান মিল্লাতকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে।

এর আগে রশিদুজ্জামান মিল্লাত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এ ছাড়া হুমায়ুন কবিরকে টেকনোক্রেট কোটায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সারকে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) শামীম সোহেল দায়িত্ব বণ্টনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার রাতের মধ্যেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

এদিকে তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করে আসা জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা করা হয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা শামা ওবায়েদ ইসলামকে আগের পদেই বহাল রাখা হয়েছে। ফলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করবেন।

নতুন দায়িত্ব বণ্টনের মধ্য দিয়ে সরকারের মন্ত্রিসভায় একাধিক মন্ত্রণালয়ে নেতৃত্বে পরিবর্তন এলো।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন