বাংলাদেশের জাতীয় স্বার্থ নিশ্চিত করে উপযুক্ত সময়েই ভারত সফর করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, ভারত সফর নিয়ে সরকারের কোনো ধরনের তাড়াহুড়ো নেই।
শনিবার (২২ আগস্ট) সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশ ইতিবাচক ও কার্যকর সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে সম্পর্ক গুরুত্বপূর্ণ হলেও কোনো দেশের সঙ্গেই বাংলাদেশের জাতীয় স্বার্থের বিষয়ে আপস করা হবে না।
শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারতে অবস্থানরত শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে বিচারিক কার্যক্রম চলছে এবং কয়েকটি মামলায় রায়ও হয়েছে। আরও কিছু মামলা বিচারাধীন রয়েছে। দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি থাকায় বিষয়টি নতুন কোনো সিদ্ধান্তের বিষয় নয়; এটি বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান একটি প্রক্রিয়া।
তিনি বলেন, বিভিন্ন অপরাধে অভিযুক্ত আরও অনেক ব্যক্তি ভারতে অবস্থান করছেন। তাদের দেশে ফিরিয়ে আনার বিষয়টিও বাংলাদেশের জনগণের স্বাভাবিক দাবি। এ বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা ও যোগাযোগ অব্যাহত থাকবে।
ভারত সফরের সম্ভাব্য সময় নিয়ে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, জাতীয় স্বার্থের ভিত্তিতে দুই দেশের মধ্যে প্রয়োজনীয় ঐকমত্য তৈরি হলে আগামী সপ্তাহেও সফর হতে পারে, আবার পরের সপ্তাহেও হতে পারে। তবে এ নিয়ে কোনো তাড়াহুড়ো করা হচ্ছে না।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় সফর হঠাৎ করে আয়োজন করা যায় না। এ ধরনের বৈঠকের আগে বিভিন্ন পর্যায়ে আলোচনা, সমন্বয় ও প্রস্তুতির প্রয়োজন হয়।
দুই দেশের সরকারপ্রধানের বৈঠককে শুধু আনুষ্ঠানিকতা হিসেবে দেখার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের বৈঠকের আগে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে পর্যাপ্ত আলোচনা ও প্রস্তুতি সম্পন্ন করা হয়।

