মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণে প্রধানমন্ত্রীর নির্দেশ

নিউজ ডেস্ক

দেশের স্বাস্থ্যব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল কাঠামোর আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিকভাবে কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এর কার্যক্রম শুরু করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২২ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্যখাতে সমন্বিত তথ্যপ্রযুক্তি ব্যবস্থা নিয়ে আয়োজিত এক সভায় এ উদ্যোগের বিষয়ে আলোচনা হয়।

সভায় ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্মের সম্ভাব্য কাঠামো, পরিচালন পদ্ধতি এবং স্বাস্থ্যসেবায় এর ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শুরুতে নির্বাচিত কয়েকটি জেলায় পাইলট প্রকল্প বাস্তবায়ন করে প্ল্যাটফর্মটির কার্যকারিতা ও বাস্তবায়নযোগ্যতা যাচাই করা হবে।

পাইলট কার্যক্রমের মাধ্যমে সম্ভাব্য সমস্যা, প্রয়োজনীয় ব্যয় ও প্রযুক্তিগত সক্ষমতা যাচাইয়ের পাশাপাশি প্রকল্পটির বাস্তব অভিজ্ঞতা মূল্যায়ন করা হবে। পরবর্তীতে পাইলট প্রকল্পের ফলাফল বিশ্লেষণ করে ধাপে ধাপে সারা দেশে প্ল্যাটফর্মটির পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

সভায় প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবায় তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সমন্বিত ডিজিটাল ব্যবস্থা এমনভাবে তৈরি করতে হবে, যাতে সাধারণ মানুষ সহজে এর সুবিধা নিতে পারেন এবং চিকিৎসাসেবা পাওয়ার প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর হয়।

রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্যতথ্য নিরাপদে সংরক্ষণ এবং চিকিৎসার প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কাছে দ্রুত সেই তথ্য পাওয়ার ব্যবস্থা রাখার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ডিজিটাল স্বাস্থ্য প্ল্যাটফর্ম তৈরির ক্ষেত্রে রোগীর ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ব্যবস্থাটি সহজে ব্যবহারযোগ্য, ব্যয়সাশ্রয়ী এবং দীর্ঘমেয়াদে পরিচালনার উপযোগী হতে হবে।

পাইলট প্রকল্প বাস্তবায়নের পর এর ফলাফল যথাযথভাবে মূল্যায়ন করে পরবর্তী পর্যায়ের কার্যক্রম গ্রহণের নির্দেশও দেন সরকারপ্রধান।

সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর মধ্যে তথ্য আদান-প্রদান সহজ হওয়ার পাশাপাশি রোগীর চিকিৎসা-সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনা আরও সমন্বিত ও কার্যকর হওয়ার সুযোগ তৈরি হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন