দেশের নানা সংকটের মধ্যেও সরকার জনগণের প্রতি দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার (২৩ আগস্ট) বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, দেশের বর্তমান সংকটের পেছনে প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি বৈশ্বিক পরিস্থিতিও বড় ভূমিকা রাখছে। বিভিন্ন অঞ্চলে চলমান যুদ্ধের প্রভাবে জ্বালানি সরবরাহে সংকট তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে দেশের গ্যাস ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ ব্যবস্থায়।
তিনি জানান, কয়েকদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে যাওয়ায় সাধারণ মানুষের পাশাপাশি শিল্পকারখানাগুলোও সমস্যায় পড়েছে। কোথাও কোথাও উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়েছে।
তবে পরিস্থিতির উন্নতি হচ্ছে জানিয়ে রিজভী বলেন, মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে যে ত্রুটি দেখা দিয়েছিল, তা ইতোমধ্যে পুরোপুরি মেরামত করা হয়েছে। এলএনজিবাহী কার্গোও দেশে এসে পৌঁছেছে এবং সরবরাহ স্বাভাবিকভাবে চলছে।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ আগের তুলনায় বেড়েছে। একই সঙ্গে লোডশেডিংও অনেকটা কমে এসেছে।
রিজভী বলেন, বিভিন্ন সংকটের মধ্যেও সরকার জনগণের সামাজিক নিরাপত্তা কর্মসূচি অব্যাহত রাখার চেষ্টা করছে। সরকারের প্রতিটি কর্মকাণ্ডে জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমের মাধ্যমে জনগণের কাছে দায়বদ্ধ থাকার কথাও জানান তিনি।

