রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

প্রধানমন্ত্রীর দেওয়া রূপরেখা ও নীতিমালা অনুযায়ী কাজ এগিয়ে নেব: ধর্ম প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্র মেরামতের জন্য সুস্পষ্ট রূপরেখা ও নীতিমালা দিয়েছেন বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্র পরিচালনায় প্রধানমন্ত্রীর দেওয়া রূপরেখা ও নীতিমালা অনুসরণ করেই সরকারের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। কোনো কাজ দীর্ঘদিন ধরে স্থবির থাকলে দ্রুত তা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, দেশের সব ধর্ম ও মতের মানুষ যাতে নিজ নিজ অবস্থান থেকে স্বাধীনভাবে কথা বলতে পারেন, তা নিশ্চিত করতে ধর্ম মন্ত্রণালয় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে তিনি সুখী, সমৃদ্ধ ও সম্প্রীতিপূর্ণ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা কামনা করেন।

ওলামায়ে কেরামদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, আলেমদের সঙ্গে যত বেশি আলোচনা ও যোগাযোগ হবে, তত বেশি পারস্পরিক ভুল-বোঝাবুঝি দূর করার সুযোগ তৈরি হবে।

তিনি জানান, শুধু ইসলাম ধর্মের আলেমদের সঙ্গে নয়, অন্যান্য ধর্মের ধর্মীয় নেতা ও গুরুজনদের সঙ্গেও তিনি যোগাযোগ ও মতবিনিময় করবেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, পারস্পরিক যোগাযোগ ও আলোচনার মাধ্যমে দেশের ধর্মীয় সম্প্রীতি আরও সুদৃঢ় করা সম্ভব। বিভিন্ন মতের ওলামায়ে কেরামের সহাবস্থানকে গুরুত্ব দিয়েই ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালিত হবে।

তিনি আরও বলেন, অন্যান্য ধর্মাবলম্বীদের নেতৃবৃন্দ ও ধর্মীয় গুরুদের সঙ্গে যোগাযোগ রাখা এবং তাদের মতামত শোনা তার দায়িত্বের অংশ।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন