রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

২০২৭ সালের ঈদুল ফিতর কবে?

নিউজ ডেস্ক

২০২৭ সালে সংযুক্ত আরব আমিরাতে পবিত্র রমজান, ঈদুল ফিতর ও ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছে দেশটির জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে এসব ধর্মীয় দিবসের চূড়ান্ত তারিখ এক দিন এগিয়ে বা পিছিয়ে যেতে পারে।

হিজরি বর্ষপঞ্জির মাস ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। নতুন চাঁদ দেখার ভিত্তিতেই মাসের দিনসংখ্যা নির্ধারণ করা হয়। সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি নিয়মিত চাঁদ পর্যবেক্ষণ করে গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবসের তারিখ ঘোষণা করে।

৮ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হতে পারে

জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৬ বা ৭ ফেব্রুয়ারি রমজান মাসের নতুন চাঁদ দেখা যেতে পারে। ২৯ শাবান চাঁদ দেখার সম্ভাবনা কম থাকায় শাবান মাস ৩০ দিনে পূর্ণ হওয়ার সম্ভাবনাই বেশি।

সে হিসেবে সংযুক্ত আরব আমিরাতে ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

৯ বা ১০ মার্চ ঈদুল ফিতর

রমজান শেষে শাওয়াল মাসের প্রথম দিন ঈদুল ফিতর পালিত হয়। ২০২৭ সালের ৮ মার্চ সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখা গেলে পরদিন ৯ মার্চ মঙ্গলবার ঈদুল ফিতর হতে পারে।

চাঁদ দেখা না গেলে রমজান ৩০ দিনে পূর্ণ হবে এবং ঈদুল ফিতর পালিত হতে পারে ১০ মার্চ বুধবার।

১৬ বা ১৭ মে ঈদুল আজহার সম্ভাবনা

জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয়। এর আগের দিন ৯ জিলহজ পবিত্র আরাফার দিন।

জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের হিসাবে, ২০২৭ সালের ৬ বা ৭ মে জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যেতে পারে। সেই হিসাবে সংযুক্ত আরব আমিরাতে ১৬ মে রোববার অথবা ১৭ মে সোমবার ঈদুল আজহা হওয়ার সম্ভাবনা রয়েছে।

জুনে শুরু হতে পারে নতুন হিজরি বছর

জিলহজ মাসের পর শুরু হবে নতুন হিজরি বছর ১৪৪৯। চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০২৭ সালের ৫, ৬ বা ৭ জুন মুহররম মাসের প্রথম দিন হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে এসব তারিখ এখনো সম্ভাব্য হিসাব। চূড়ান্তভাবে রমজান, ঈদুল ফিতর, ঈদুল আজহা ও নতুন হিজরি বছরের তারিখ নির্ধারিত হবে স্থানীয়ভাবে চাঁদ দেখার পর।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন