জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই হবে তাঁর প্রথম নিউইয়র্ক সফর এবং জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথমবারের মতো ভাষণ দেবেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। এ বিষয়ে ঢাকায় মার্কিন দূতাবাসে নোট ভার্বাল পাঠানো হয়েছে। সম্ভাব্য নয় দিনের সফরের কর্মসূচি চূড়ান্ত করার কাজও চলছে।
নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের মূল কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি সাইডলাইনে বিভিন্ন বৈঠক ও আয়োজনে যোগ দিতে পারেন প্রধানমন্ত্রী। কয়েকটি দেশের সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনাও রয়েছে।
জাতিসংঘের অধিবেশন শেষে প্রধানমন্ত্রীর ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকো যাওয়ার কথা রয়েছে। সেখানে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সফরের বিস্তারিত কর্মসূচি এখনো চূড়ান্ত হয়নি।
এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন বাংলাদেশের জন্যও বিশেষ তাৎপর্যপূর্ণ। ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ফলে একই সময়ে বাংলাদেশের সরকারপ্রধান ও সাধারণ পরিষদের সভাপতির উপস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য গুরুত্বপূর্ণ কূটনৈতিক সুযোগ তৈরি করতে পারে।
সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এরই মধ্যে মালয়েশিয়া ও চীন সফর করেছেন। জাতিসংঘ অধিবেশনে যোগ দেওয়ার আগে আর কোনো বিদেশ সফর না করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

