রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

জনআস্থা ফেরাতে বিটিভিতে বড় পরিবর্তনের পরিকল্পনা প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক

বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) বিশ্বাসযোগ্য, আধুনিক ও জনআস্থার গণমাধ্যম হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহৎ পরিকল্পনা নিয়েছেন বলে জানিয়েছেন বিটিভির মহাপরিচালক কাজী জেসিন।

মঙ্গলবার (২৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিটিভি নিয়ে প্রধানমন্ত্রীর পরিকল্পনার কথা তুলে ধরেন কাজী জেসিন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বিটিভিকে একটি বিশ্বাসযোগ্য ও জনআস্থার চ্যানেল হিসেবে দেখতে চান। তার দাবি, আওয়ামী লীগ সরকারের সময়ে বিটিভিকে সরকারদলীয় ও ‘ফ্যাসিবাদের প্রচারযন্ত্র’ হিসেবে ব্যবহার করা হয়েছে। এতে প্রতিষ্ঠানটি দর্শকদের আস্থা হারিয়েছে। গণঅভ্যুত্থানের পরও বিটিভিতে প্রত্যাশিত পরিবর্তনের সূচনা হয়নি বলে মন্তব্য করেন তিনি।

কাজী জেসিন বলেন, বাংলাদেশের ইতিহাসে অতীতের কোনো সরকার বিটিভিকে এতটা গুরুত্ব দিয়ে বিবেচনা করেনি। প্রধানমন্ত্রী বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছেন এবং পরিবর্তন বাস্তবায়নে উদ্যোগ নিয়েছেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বিটিভিকে শুধু আগের অবস্থানে ফিরিয়ে নিতে চান না, বরং প্রতিষ্ঠানটিকে আরও আধুনিক, অনন্য ও মর্যাদাপূর্ণ পর্যায়ে নিয়ে যেতে চান। এ লক্ষ্য বাস্তবায়নের কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি।

বিটিভির মহাপরিচালক বলেন, পুরোনো একটি প্রতিষ্ঠানকে নতুনভাবে গড়ে তোলা সহজ নয়। কাজটি কঠিন হলেও আনন্দের। প্রধানমন্ত্রীর পরিকল্পনা শুনে তিনি অভিভূত হয়েছেন বলেও উল্লেখ করেন।

পোস্টের শেষে বিটিভিকে নতুনভাবে গড়ে তোলার এ উদ্যোগে সবার শুভকামনা, সহযোগিতা ও দোয়া কামনা করেন কাজী জেসিন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন