মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

মাদরাসা-মারকাজে ধর্ম প্রতিমন্ত্রীর তৎপরতা নিয়ে সমালোচনা

নিউজ ডেস্ক

রাজধানীতে জাতীয় ওলামা-মাশায়েখ কনভেনশনে নতুন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের নিয়োগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী। একই সঙ্গে বিভিন্ন মাদ্রাসা ও মারকাজে গিয়ে প্রতিমন্ত্রীর সংবর্ধনা নেওয়ার বিষয়েও সমালোচনা করেন তিনি।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকিদা-বিশ্বাস সংরক্ষণ ও গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত জাতীয় ওলামা-মাশায়েখ কনভেনশনে তিনি এসব কথা বলেন।

মাওলানা আব্দুর রব ইউসুফী বলেন, কওমি মাদ্রাসার আলেমদের বিষয়ে সরকারের অবস্থান ও সিদ্ধান্তে বিভ্রান্তি তৈরি হয়েছে। আল্লামা বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ এবং পরে তাঁর বক্তব্যের বিপরীতে সরকারের সিদ্ধান্ত নেওয়ার বিষয়টিও তিনি তুলে ধরেন।

নতুন ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগের প্রসঙ্গে তিনি প্রশ্ন তুলে বলেন, ধর্ম মন্ত্রণালয়ে পূর্ণমন্ত্রী থাকার পরও কেন আবার প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া হলো এবং এ পদে শামীম কায়সার লিংকনকেই কেন বেছে নেওয়া হয়েছে—এর ব্যাখ্যা প্রয়োজন।

বিভিন্ন মাদ্রাসা ও মারকাজে গিয়ে ধর্ম প্রতিমন্ত্রীর সংবর্ধনা গ্রহণের বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। আলেমদের ফুলের তোড়া দিয়ে প্রতিমন্ত্রীকে সংবর্ধনা দেওয়ার সমালোচনা করে মাওলানা ইউসুফী বলেন, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে তাঁর গ্রহণযোগ্যতা বাড়ানোর সুযোগ তৈরি হচ্ছে কি না, সে বিষয়ে আলেমদের সচেতন হওয়া প্রয়োজন।

তিনি বলেন, কেউ সম্মান করবেন কি না, সেটি ব্যক্তিগত বিষয় হলেও ধর্মীয় বিশ্বাস ও আকিদার প্রশ্নে কোনো ধরনের আপস করা যাবে না।

মাওলানা আব্দুর রব ইউসুফী হুঁশিয়ারি দিয়ে বলেন, ঈমান-আকিদা ও ধর্মীয় অবস্থানে যারা বাধা সৃষ্টি করবে, দেশের আলেম সমাজ তা কোনোভাবেই মেনে নেবে না। তিনি এ বিষয়ে আলেম সমাজকে আরও সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন