মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

বাংলাদেশ থেকে ১০ হাজার দক্ষ কর্মী বিনা খরচে নেবে মালয়েশিয়া

নিউজ ডেস্ক

বাংলাদেশ থেকে ১০ হাজার দক্ষ কর্মী বিনা খরচে মালয়েশিয়ায় নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে দেশটির সরকার। বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে এ কর্মীদের মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার (২৫ আগস্ট) সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে নিরাপদ অভিবাসন, অবৈধ পথে বিদেশযাত্রা এবং ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার ঝুঁকি প্রতিরোধবিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, সরকার বৈধ পথে কর্মীদের বিদেশে পাঠাতে কাজ করছে। এর অংশ হিসেবে মালয়েশিয়া বাংলাদেশকে ১০ হাজার কর্মী নেওয়ার সুযোগ দেওয়ার কথা জানিয়েছে। কর্মীদের প্রয়োজনীয় দক্ষতা ও ভাষাগত প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করে বিদেশে পাঠানো হবে।

তিনি বলেন, শুধু বিদেশ যাওয়ার আগ্রহ থাকলেই হবে না, সংশ্লিষ্ট কাজের দক্ষতার পাশাপাশি ভাষাজ্ঞানও অর্জন করতে হবে। এ জন্য সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় কারিগরি প্রশিক্ষণ ও ভাষা শিক্ষার ব্যবস্থা করার পরিকল্পনার কথাও জানান তিনি।

সভায় অবৈধ পথে বিদেশযাত্রা এবং দালালচক্রের দৌরাত্ম্য নিয়েও আলোচনা হয়। মন্ত্রী বলেন, দালালের প্রলোভনে পড়ে ঝুঁকিপূর্ণ পথে বিদেশে যাওয়ার কারণে অনেক বাংলাদেশি প্রাণ হারাচ্ছেন। এ ধরনের ঘটনা ঠেকাতে দালালদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সচেতনতা বাড়াতে হবে।

এ সময় ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যুর ঘটনায় জড়িতদের বিষয়ে তথ্য সংগ্রহ করে মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেন মন্ত্রী। সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

সরকারি সূত্রের তথ্য অনুযায়ী, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর এই উদ্যোগ বাস্তবায়িত হলে দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য বৈধ ও তুলনামূলক কম খরচে বিদেশে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হতে পারে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন