রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

নবীর আদর্শেই ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব: রিজভী

নিউজ ডেস্ক

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করলে সমাজ ও রাষ্ট্রে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, মানুষ শান্তি ও নিরাপত্তার সঙ্গে বসবাস করতে চায়। এজন্য দেশে আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি সব ধরনের সন্ত্রাসী ও অপরাধীকে আইনের আওতায় আনতে হবে।

বুধবার (২৬ আগস্ট) সকালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

রিজভী বলেন, মহানবী (সা.) মানবতা, ন্যায়, সাম্য ও শান্তির শিক্ষা দিয়ে গেছেন। তাঁর জীবনাদর্শ অনুসরণ করলে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি কল্যাণমুখী ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ে তোলা সম্ভব। মানুষের অধিকার ও মর্যাদা রক্ষার শিক্ষাও তাঁর আদর্শের গুরুত্বপূর্ণ অংশ বলে উল্লেখ করেন তিনি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপির এই নেতা বলেন, পরিস্থিতি খারাপ হয়েছে—এ কথা তিনি বলবেন না। তবে বর্তমান অবস্থা থেকে আরও উন্নতির দিকে যেতে হবে। সাধারণ মানুষ যেন নিরাপদ পরিবেশে বসবাস করতে পারে, সেজন্য অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ছাড়া মানুষের মধ্যে পূর্ণ নিরাপত্তাবোধ ফিরিয়ে আনা সম্ভব নয়।

রংপুরে একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত দুজনকে গ্রেপ্তার করায় সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানান রিজভী। তিনি বলেন, দ্রুত গ্রেপ্তার সম্ভব না হলে এ ঘটনা নিয়ে মানুষের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আরও উদ্বেগ তৈরি হতে পারত।

উল্লেখ্য, রংপুর নগরীতে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও দুই সন্তানসহ একই পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে জবানবন্দিও নেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের কারণ এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

রিজভী আরও বলেন, প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা গণমাধ্যমের সামনে জবাবদিহি করছেন। প্রধানমন্ত্রীও তাঁর ওপর অর্পিত গুরুদায়িত্ব পালন করছেন বলে মন্তব্য করেন তিনি। দেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং রাজনৈতিক নেতৃত্বকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বিএনপির এই নেতা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন