স্মার্টফোন দ্রুত চার্জ হওয়ার সুবিধা এখন প্রায় সবার কাছেই গুরুত্বপূর্ণ। কয়েক বছর আগেও ৩০ ওয়াট চার্জিংকে দ্রুতগতির হিসেবে বিবেচনা করা হতো। বর্তমানে অনেক স্মার্টফোনে ১০০ ওয়াটের বেশি ফাস্ট চার্জিং প্রযুক্তি রয়েছে। তাই ব্যবহারকারীদের মধ্যে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—এত দ্রুত চার্জ করলে কি ব্যাটারির আয়ু কমে যায়?
সংক্ষেপে বলা যায়, ফাস্ট চার্জিং নিজে থেকে ফোনের ব্যাটারি নষ্ট করে না। তবে দ্রুত চার্জের সময় তৈরি হওয়া অতিরিক্ত তাপ দীর্ঘদিন ধরে ব্যাটারির ওপর প্রভাব ফেলতে পারে এবং ধীরে ধীরে এর সক্ষমতা কমিয়ে দিতে পারে।
ব্যাটারি কেন ধীরে ধীরে দুর্বল হয়?
বর্তমান স্মার্টফোনে মূলত লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়। ফোন চার্জ করার সময় ব্যাটারির ভেতরে লিথিয়াম আয়ন এক দিক থেকে অন্য দিকে সঞ্চালিত হয়। আবার ফোন ব্যবহারের সময় এই প্রক্রিয়া বিপরীত দিকে ঘটে এবং ব্যাটারি থেকে শক্তি সরবরাহ হয়।
এই চার্জ ও ডিসচার্জ প্রক্রিয়ার সময় কিছুটা তাপ তৈরি হওয়া স্বাভাবিক। তবে ফাস্ট চার্জিংয়ের সময় তুলনামূলক বেশি শক্তি প্রবাহিত হওয়ায় তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে। দীর্ঘদিন অতিরিক্ত তাপের সংস্পর্শে থাকলে ব্যাটারির রাসায়নিক কার্যক্ষমতা ধীরে ধীরে কমে যায়। ফলে সময়ের সঙ্গে ব্যাটারির চার্জ ধরে রাখার ক্ষমতা কমতে পারে।
তবে আধুনিক স্মার্টফোনের ব্যাটারি ও চার্জিং প্রযুক্তি আগের তুলনায় অনেক উন্নত। নির্মাতারা ব্যাটারি সুরক্ষায় বিভিন্ন ধরনের তাপ নিয়ন্ত্রণ, ভোল্টেজ নিয়ন্ত্রণ ও চার্জিং ব্যবস্থাপনা প্রযুক্তি ব্যবহার করছে।
ফাস্ট চার্জিং কতটা নিরাপদ?
ফোন ও চার্জার যদি নির্মাতার অনুমোদিত প্রযুক্তি এবং নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, তাহলে ফাস্ট চার্জিং সাধারণত নিরাপদ। আধুনিক স্মার্টফোন চার্জিংয়ের সময় ব্যাটারির তাপমাত্রা, ভোল্টেজ ও বিদ্যুৎ প্রবাহ পর্যবেক্ষণ করে।
তাপমাত্রা অতিরিক্ত বেড়ে গেলে অনেক ফোন স্বয়ংক্রিয়ভাবে চার্জিংয়ের গতি কমিয়ে দেয়। এতে ব্যাটারির ওপর অতিরিক্ত চাপ পড়ার ঝুঁকি কমে।
তবে চার্জ দেওয়ার সময় ফোন অস্বাভাবিকভাবে গরম হয়ে গেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা উচিত। বিশেষ করে—
- সরাসরি রোদে রেখে ফোন চার্জ করা উচিত নয়।
- বালিশ, কম্বল বা বিছানার নিচে রেখে চার্জ দেওয়া এড়িয়ে চলুন।
- নিম্নমানের বা নকল চার্জার ও কেবল ব্যবহার করবেন না।
- চার্জ দেওয়ার সময় অতিরিক্ত ভারী গেম বা প্রসেসরনির্ভর কাজ না করাই ভালো।
- ফোনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও মানসম্মত চার্জার ব্যবহার করুন।
তাহলে ব্যাটারির সবচেয়ে বড় শত্রু কী?
ফাস্ট চার্জিংকে এককভাবে ব্যাটারি নষ্ট হওয়ার কারণ হিসেবে দেখার সুযোগ নেই। বরং দীর্ঘ সময় ধরে অতিরিক্ত তাপ ব্যাটারির স্বাস্থ্যের জন্য বেশি ক্ষতিকর।
তাই আধুনিক স্মার্টফোনে ফাস্ট চার্জিং ব্যবহারে অযথা ভয় পাওয়ার প্রয়োজন নেই। ফোন ও চার্জার মানসম্মত হলে এবং অতিরিক্ত গরম হওয়া এড়াতে পারলে দ্রুত চার্জিংয়ের সুবিধা নিরাপদভাবেই উপভোগ করা সম্ভব।

