রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি সম্পূর্ণ দলনিরপেক্ষ থাকবেন। দেশ, রাষ্ট্র ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বঙ্গভবনের দরবার হলে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আয়োজিত রাষ্ট্রপতির প্রথম দরবারে এসব কথা বলেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, দায়িত্ব গ্রহণের আগে তিনি দল, সংসদ ও মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করেছেন। এখন তিনি সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ একজন মানুষ। রাষ্ট্রপতির দায়িত্ব পালনের সময় কারও প্রতি রাগ বা অনুরাগ থাকবে না বলেও জানান তিনি।

তিনি বলেন, জনগণের আস্থা অর্জন, সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করাই হবে তার দায়িত্ব পালনের অন্যতম প্রধান লক্ষ্য।

বঙ্গভবনের মর্যাদা রক্ষার আহ্বান

বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, দেশের প্রতি এবং দেশের মানুষের প্রতি ভালোবাসা, সম্মান ও আনুগত্য থাকতে হবে। প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে পালন করতে হবে।

বঙ্গভবনের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে তিনি বলেন, এটি রাষ্ট্রীয় মর্যাদা ও সার্বভৌমত্বের প্রতীক। তাই এর মর্যাদা অক্ষুণ্ন রাখার দায়িত্ব সবার।

রাষ্ট্রপতি আরও বলেন, বঙ্গভবনের দৈনন্দিন কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্তসংক্রান্ত বিষয় অত্যন্ত গোপনীয়তার সঙ্গে পরিচালনা করতে হবে। রাষ্ট্রীয় নিরাপত্তা যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

সরকারি সম্পদ ব্যবহারে সাশ্রয়ের তাগিদ

রাষ্ট্রীয় অর্থ ব্যয়ের ক্ষেত্রে সাশ্রয়ী ও দায়িত্বশীল হওয়ার পাশাপাশি অপচয় বন্ধের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি।

তিনি বলেন, জনগণের অর্থেই সরকারি সম্পদ ও বিভিন্ন সুযোগ-সুবিধা পরিচালিত হয়। তাই এসব সম্পদের ব্যবহার হতে হবে সঠিক, স্বচ্ছ, দায়িত্বশীল ও জবাবদিহিমূলক।

কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিজীবনে শৃঙ্খলা মেনে চলার পাশাপাশি নৈতিক মনোবল ও সুন্দর চরিত্র গঠনে মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ

রাষ্ট্রপতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পাশাপাশি স্বাধীনতার পর দেশ ও রাষ্ট্র গঠনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ ও অবদানের কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

এ সময় তিনি এর আগে দায়িত্ব পালন করা সব রাষ্ট্রপতিকেও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

‘আমরা এখানে একটা পরিবার’

বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দিয়ে রাষ্ট্রপতি বলেন, সবাই একই প্রতিষ্ঠানে কাজ করেন এবং তাদের একটি পরিবারের মতো মিলেমিশে দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, সুযোগ পেলেই কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে তাদের সমস্যাগুলো বোঝা ও সমাধানের চেষ্টা করবেন।

ভবিষ্যতেও বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন