সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ, সুশাসন এবং সরকারের বিভিন্ন কার্যক্রম তদারকি ও সমন্বয়ের জন্য ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপকে বিভিন্ন জেলার দায়িত্ব দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ দায়িত্ব বণ্টনের কথা জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি এতে সই করেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিগত সময়ে বিভিন্ন জেলায় উন্নয়ন বরাদ্দ থাকলেও দুর্নীতির মাধ্যমে অর্থ লুটপাটের অভিযোগ রয়েছে। লুটপাটের অর্থের একটি অংশ মাদকসহ সামাজিক অবক্ষয়, জননিরাপত্তা ও রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ডে ব্যবহৃত হয়েছে। এ পরিস্থিতিতে জেলা পর্যায়ে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ এবং সুশাসন নিশ্চিত করতে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপদের দায়িত্ব দেওয়া হয়েছে।
সংবিধানের ৫৫(২) অনুচ্ছেদ এবং কার্যপ্রণালি বিধিমালার সংশ্লিষ্ট বিধানের আওতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
কোন জেলার দায়িত্বে কে
ঢাকা বিভাগ
সুলতান সালাহউদ্দিন টুকু — ঢাকা
হাবিবুর রশিদ — গাজীপুর ও নারায়ণগঞ্জ
সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল — মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জ
মো. শরীফুল আলম — টাঙ্গাইল ও নরসিংদী
শামা ওবায়েদ ইসলাম — মাদারীপুর ও শরীয়তপুর
মিয়াঁ নুরুদ্দিন আহম্মেদ — রাজবাড়ী, ফরিদপুর ও গোপালগঞ্জ
ময়মনসিংহ বিভাগ
ইয়াসের খান চৌধুরী — জামালপুর ও কিশোরগঞ্জ
এম রশিদুজ্জামান মিল্লাত — শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা
চট্টগ্রাম বিভাগ
মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী — চট্টগ্রাম
আব্দুল আউয়াল মিন্টু — লক্ষ্মীপুর
জাকারিয়া তাহের — ফেনী ও নোয়াখালী
সাচিং প্রু — কক্সবাজার
মীর মোহাম্মদ হেলাল উদ্দিন — খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি
এ বি এম আশরাফ উদ্দিন (নিজান) — ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চাঁদপুর
রাজশাহী বিভাগ
ইকবাল হাসান মাহমুদ — রাজশাহী ও নাটোর
আব্দুল বারী — বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ
ফারজানা শারমিন — সিরাজগঞ্জ ও পাবনা
মোহাম্মদ শামীম কায়সার — জয়পুরহাট ও নওগাঁ
রংপুর বিভাগ
ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন — লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড়
আসাদুল হাবিব দুলু — ঠাকুরগাঁও ও দিনাজপুর
মীর শাহে আলম — রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম
সিলেট বিভাগ
খন্দকার আবদুল মুক্তাদির — হবিগঞ্জ
আরিফুল হক চৌধুরী — মৌলভীবাজার
আলহাজ মো. জি কে গউস — সিলেট ও সুনামগঞ্জ
খুলনা বিভাগ
নিতাই রায় চৌধুরী — চুয়াডাঙ্গা
মো. আসাদুজ্জামান — খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট
অনিন্দ্য ইসলাম অমিত — মেহেরপুর, কুষ্টিয়া ও ঝিনাইদহ
শেখ ফরিদুল ইসলাম — যশোর, মাগুরা ও নড়াইল
বরিশাল বিভাগ
মো. রাজীব আহসান — বরগুনা, পটুয়াখালী ও পিরোজপুর
আহমেদ সোহেল মঞ্জুর — বরিশাল, ভোলা ও ঝালকাঠি
দায়িত্বের আওতায় যা থাকছে
দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপরা সংশ্লিষ্ট জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারি দপ্তরগুলোকে প্রয়োজনীয় পরামর্শ দেবেন। এর মধ্যে থাকবে—
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার নিয়ন্ত্রণ
চোরাচালান প্রতিরোধ ও গুরুতর অপরাধ দমন
সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন তদারকি
দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান কার্যক্রম পর্যবেক্ষণ
সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড তদারকি
এ ছাড়া প্রয়োজন অনুযায়ী দায়িত্বপ্রাপ্তরা সংশ্লিষ্ট জেলার বিভিন্ন জেলা পর্যায়ের সভায় অংশ নিয়ে পরামর্শ দিতে পারবেন।

