রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

সৌদি অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির মরদেহ পৌঁছাল নিজ গ্রামে

নিউজ ডেস্ক

সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে পরিচয় শনাক্ত হওয়া ৯ জনের মরদেহ দেশে পৌঁছানোর পর নিজ নিজ গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে স্বজনদের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হয়।

এর আগে বৃহস্পতিবার বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে মরদেহগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শেষে মরদেহগুলো গ্রামের বাড়িতে পাঠানো হয়। বাকি সাতজনের মরদেহও দ্রুত দেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

গত ৯ আগস্ট রিয়াদের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত হন। পরে আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে ৯ জনের পরিচয় নিশ্চিত করা হয়। শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে সাতজনই নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা। অন্য দুজনের বাড়ি নাটোরের নলডাঙ্গা ও রাজশাহীর বাগমারা উপজেলায়।

নিহতদের মরদেহ গ্রামে পৌঁছানোর পর স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার নওগাঁয় নিহতদের একসঙ্গে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন