দক্ষিণ কোরিয়ার কাছে ১২ কোটি ৫০ লাখ ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে ‘গুরুতর, তাৎক্ষণিক ও শক্তিশালী জবাবের’ হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া।
উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্রের এই অস্ত্র বিক্রির সিদ্ধান্ত দেশটির নিরাপত্তা পরিবেশের জন্য নতুন হুমকি তৈরি করেছে। একই সঙ্গে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক সহযোগিতা বাড়ানোরও সমালোচনা করেছে পিয়ংইয়ং।
অনুমোদিত চুক্তিতে দক্ষিণ কোরিয়ার জন্য ১০৩টি এআইএম-৯এক্স সাইডউইন্ডার ক্ষেপণাস্ত্র ও সংশ্লিষ্ট সরঞ্জাম রয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের অনুমোদন অনুযায়ী, সম্ভাব্য এ চুক্তির মূল্য প্রায় ১২৫ মিলিয়ন ডলার।
উত্তর কোরিয়ার অভিযোগ, চলতি বছর যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার কাছে বিভিন্ন ধরনের উন্নত অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে। এসব পদক্ষেপকে ওয়াশিংটনের ‘শত্রুতাপূর্ণ নীতি’র প্রকাশ হিসেবে দেখছে পিয়ংইয়ং।
এদিকে উত্তর কোরিয়ার সঙ্গে আবারও আলোচনায় ফেরার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে যোগাযোগ পুনরায় জোরদারের আগ্রহ দেখিয়েছেন। একই সময়ে দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র-জাপানের সামরিক সহযোগিতাও অব্যাহত রয়েছে।
ফলে অস্ত্র বিক্রির নতুন সিদ্ধান্তকে ঘিরে কোরীয় উপদ্বীপে সামরিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

