চাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসল করতে নেমে পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের চর চাকলা এলাকার ‘মরা নদী’তে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো—দেবীনগর ইউনিয়নের মাসুদের দুই মেয়ে সুমাইয়া (১০) ও আবিবা (৮), শরিফুলের মেয়ে শরিফা (১২) এবং নেজাম উদ্দিনের দুই মেয়ে শুমাইয়া (১২) ও সুরাইয়া (৯)।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে কয়েকজন শিশু মরা নদীতে বন্যার পানিতে গোসল করতে নামে। একপর্যায়ে পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। ঘটনার বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।

