রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

নেতানিয়াহুকে নরকে পাঠানোর হুমকি, যুক্তরাষ্ট্রকেও ইরানের হুঁশিয়ারি

নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের আরোপিত অর্থনৈতিক চাপ ও অবরোধ অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যে মার্কিন অর্থনৈতিক স্বার্থে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। একই সঙ্গে ইসরায়েলের সঙ্গে নতুন করে সংঘাত শুরু হলে পরিস্থিতি আগের যেকোনো যুদ্ধের চেয়ে ভিন্ন হবে বলেও সতর্ক করেছে তেহরান।

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মেজর জেনারেল মহসেন রেজাই আল-মানারকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবির বরাতে তার বক্তব্য প্রকাশ করা হয়েছে।

রেজাই বলেন, ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর অর্থ হলো যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও তীব্র সংঘাতের পথ তৈরি করা। সামরিক চাপের ব্যর্থতার পর ওয়াশিংটন অর্থনৈতিক চাপের কৌশল নিয়েছে বলেও দাবি করেন তিনি।

ইরানি এই কর্মকর্তা বলেন, অবরোধ অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থকে লক্ষ্য করে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। তার ভাষায়, অর্থনৈতিক উত্তেজনা বাড়ানোর যেকোনো প্রচেষ্টার জবাব দিতে ইরান প্রস্তুত।

যুদ্ধবিরতির সময় ইরান ৮ কোটি ব্যারেল তেল রপ্তানি করেছে বলেও দাবি করেন রেজাই। অবরোধ বহাল থাকলে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, প্রয়োজনে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা হবে।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকেও কঠোর ভাষায় সতর্ক করেছেন রেজাই। তার অভিযোগ, নেতানিয়াহু ইরানকে ঘিরে মিথ্যা তথ্য ছড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলছেন।

রেজাই আরও দাবি করেন, নেতানিয়াহুর কর্মকাণ্ড ইসরায়েলি শাসনের অস্তিত্ব সংকটকে আরও ঘনীভূত করেছে। সংঘাত বাড়লে নেতানিয়াহুকে ‘নরকে পাঠানোর’ হুমকিও দেন তিনি।

লেবানন প্রসঙ্গে রেজাই বলেন, ইসরায়েলের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে লেবানন গুরুত্বপূর্ণ একটি ফ্রন্টে পরিণত হতে পারে। দখলকৃত লেবাননি ভূখণ্ড থেকে ইসরায়েলকে সরিয়ে দেওয়ার জন্য ইরান প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

তার ভাষ্য, সম্ভাব্য পরবর্তী যুদ্ধ আগের সংঘাতগুলোর মতো হবে না। পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণের পাশাপাশি নতুন ধরনের সংঘাত মোকাবিলায় ইরান প্রস্তুতি নিচ্ছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন