নেত্রকোণার পূর্বধলায় আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে ঝটিকা মিছিল আয়োজনের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে ১৪জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ৫০-৫৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
আজ শুক্রবার (২৮আগস্ট) সকালে এই ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় – আজ শুক্রবার (২৮আগস্ট) সকালে নেত্রকোণার পূর্বধলা উপজেলার খলিশাউড় ইউনিয়নের পাবই এলাকায় শ্যামগঞ্জ-জারিয়া সড়কের পাশে অবস্থিত একটি কমিউনিটি ক্লিনিকের সামনে তারা ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন পরে গোপন সংবাদের ভিত্তিতে গ্রাম পুলিশ বিষয়টি অবহিত করলে পূর্বধলা থানা পুলিশ ও শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলের উদ্দেশ্যে জড়ো হওয়া ব্যক্তিরা মোটরসাইকেল যোগে পালানোর চেষ্টা করলেও পুলিশের সাঁড়াশি অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা হতে ১৪জনকে আটক করেছেন পূর্বধলা থানার পুলিশ। এই ঘটনায় থানায় সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান – সন্ত্রাস বিরোধী আইনে এসআই মোহাম্মদ তাইজুল ইসলামের দায়ের করা মামলায় ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। ইতিমধ্যেই ১৪জনকে গ্রেপ্তার করা হয়েছে।

