সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

সামরিক নয়, সংলাপেই ইরান-যুক্তরাষ্ট্র সংকটের সমাধান: চীন

নিউজ ডেস্ক

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে সংলাপ ও কূটনৈতিক আলোচনাই একমাত্র কার্যকর পথ বলে আবারও জানিয়েছে চীন। তেহরানের ওপর যুক্তরাষ্ট্র নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের পর শুক্রবার (২৮ আগস্ট) বেইজিং এ অবস্থান পুনর্ব্যক্ত করে।

বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, ইরান পরিস্থিতিতে সংকট থেকে বেরিয়ে আসার কার্যকর পথ হলো সংলাপ ও আলোচনা। তিনি বলেন, এ বিষয়ে চীনের অবস্থান ধারাবাহিক ও স্পষ্ট।

লিন জিয়ান আরও বলেন, চীন অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করে। আলোচনার মাধ্যমে ইরান-যুক্তরাষ্ট্রের বিরোধের রাজনৈতিক সমাধান খোঁজার পক্ষেই বেইজিং।

চীনের এমন বক্তব্য এমন সময়ে এলো, যখন ওয়াশিংটন ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়াচ্ছে। একই সঙ্গে ইরানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখা চীনা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপের ইঙ্গিত দিয়েছে ট্রাম্প প্রশাসন।

এর আগে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পশ্চিম এশিয়া ও উপসাগরীয় অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সংশ্লিষ্ট পক্ষগুলোকে উত্তেজনা কমানোর আহ্বান জানান। একই সঙ্গে দ্রুত সংলাপ ও আলোচনায় ফিরে যাওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

বেইজিংয়ের অবস্থান থেকে স্পষ্ট, ইরানের বিরুদ্ধে একতরফা অর্থনৈতিক চাপ কিংবা সামরিক পদক্ষেপের পরিবর্তে কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সংকট সমাধান করতে চায় চীন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন