রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট

মিঠু আহমেদ, নারায়ণগঞ্জ প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজে জরুরি সংস্কারকাজকে কেন্দ্র করে প্রায় ৪০ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে এ যানজট। কুমিল্লার চান্দিনা থেকে দাউদকান্দি টোলপ্লাজা হয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ পর্যন্ত মহাসড়কের বিভিন্ন অংশে ঘণ্টার পর ঘণ্টা আটকে আছে হাজারো যানবাহন। এতে চরম দুর্ভোগে পড়েছেন দূরপাল্লার যাত্রী, চালক ও পণ্যবাহী যানবাহনের শ্রমিকরা।

শুক্রবার সকাল থেকে শুরু হওয়া এ যানজট শনিবার (২৯ আগস্ট) সকালেও কাটেনি। সকাল ১১টা পর্যন্ত মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। কোথাও ধীরগতিতে গাড়ি চললেও আবার কোথাও ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে যানবাহনগুলোকে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আষাড়িয়ারচর ব্রিজের ঢাকা অভিমুখী লেনে বড় ধরনের গর্ত সৃষ্টি হওয়ায় দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়। এ অবস্থায় শুক্রবার সকাল ১১টার দিকে জরুরি ভিত্তিতে সংস্কারকাজ শুরু করে সড়ক বিভাগ।

সংস্কারকাজ চলাকালে মহাসড়কের একটি লেন বন্ধ রেখে অপর লেন দিয়ে পর্যায়ক্রমে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়। এতে শুরু থেকেই যানবাহনের গতি কমে যায়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকায় পরিস্থিতির অবনতি ঘটে।

সন্ধ্যার পর বাস, ট্রাক, কাভার্ডভ্যানসহ বিপুলসংখ্যক যানবাহন এক লেন দিয়ে চলাচল করায় যানজট ভয়াবহ রূপ নেয়। একপর্যায়ে আষাড়িয়ারচর ব্রিজ এলাকার যানজট ছড়িয়ে পড়ে দাউদকান্দি টোলপ্লাজা পেরিয়ে কুমিল্লার ইলিয়টগঞ্জ পর্যন্ত।

দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারায় ভোগান্তি বাড়ছে চালক ও পরিবহন শ্রমিকদেরও। বিশেষ করে পণ্যবাহী যানবাহন দীর্ঘ সময় আটকে থাকায় পরিবহন খরচ বাড়ার পাশাপাশি পণ্য নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

হাইওয়ে পুলিশের দাবি, যানজট নিয়ন্ত্রণে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে একাধিক দল কাজ করছে। ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক মো. ফারুক হোসেন বলেন, যানজটের মূল কারণ আষাড়িয়ারচর ব্রিজ এলাকায় চলমান সড়ক সংস্কারকাজ। যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে এবং যানজট নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের একাধিক দল মহাসড়কের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছে। দ্রুত সংস্কারকাজ শেষ করে মহাসড়কে স্বাভাবিক যান চলাচল ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

একদিকে জরুরি সড়ক সংস্কারকাজ, অন্যদিকে হাজারো যানবাহনের চাপ—দুইয়ে মিলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এখন যাত্রীদের জন্য ভোগান্তির আরেক নামে পরিণত হয়েছে। দ্রুত সংস্কারকাজ শেষ করে মহাসড়কে স্বাভাবিক গতি ফিরবে—এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন