স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না সৌদি আরব। পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাকেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পূর্বশর্ত হিসেবে দেখছে রিয়াদ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সৌদি আরবের এই অবস্থানের কথা জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২।
এদিকে সৌদি আরবের সঙ্গে বেসামরিক পরমাণু সহযোগিতা চুক্তিকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার শর্তের সঙ্গে যুক্ত করতে চাইছে মার্কিন প্রশাসন। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের সঙ্গে বেসামরিক পরমাণু সহযোগিতা চুক্তিটি পর্যালোচনার জন্য মার্কিন কংগ্রেসে পাঠানো হয়েছে। তবে রিয়াদ আব্রাহাম চুক্তিতে যোগ না দিলে সেটি কার্যকর হবে না—এমন শর্ত রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মার্কিন প্রশাসনের এক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, সৌদি আরব আব্রাহাম চুক্তিতে যুক্ত না হলে পরমাণু সহযোগিতা চুক্তি এগিয়ে নেওয়া হবে না।
এর আগে গত মাসে যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট ও সৌদি জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুলআজিজ বিন সালমান বেসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে একটি চুক্তিতে সই করেন।
তবে সৌদি আরবের এক কর্মকর্তা চ্যানেল ১২-কে দেওয়া বক্তব্যে পরমাণু সহযোগিতা চুক্তির সঙ্গে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার শর্ত জুড়ে দেওয়ার বিষয়টি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের বিষয়ে রিয়াদের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।
ওই কর্মকর্তা বলেন, সৌদি আরবের অবস্থান ‘স্পষ্ট, দৃঢ় ও অপরিবর্তনীয়’। পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা হবে না।
তিনি আরও বলেন, সৌদি আরবের বেসামরিক পরমাণু কর্মসূচি যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির বৃহত্তর কৌশলগত অংশীদারত্বের অংশ। তাই এই কর্মসূচির সঙ্গে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের কোনো শর্ত যুক্ত করা উচিত নয়।

