রাজধানীতে নিয়মিত অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৫৫৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। অভিযানে মোট ৩০টি মামলা করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এসব তথ্য জানান।
ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩১ জন, লালবাগে ৩২, ওয়ারীতে ৮৫, মতিঝিলে ৫৭, তেজগাঁওয়ে ৫৬, মিরপুরে ১৭৪, গুলশানে ৪৭ এবং উত্তরা বিভাগে ৬১ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা বিভাগে চারজন এবং সিটিটিসি বিভাগে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে ৫ হাজার ৪৪৫ পিস ইয়াবা, ৩১ কেজি ২০০ গ্রাম গাঁজা ও ২০ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। পাশাপাশি ২১টি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের আটটি ভিসা ও ক্রেডিট কার্ড, একটি প্রাইভেটকার এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ১৪৬টি সিম কার্ড জব্দ করা হয়েছে।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার সময় এসব মাদক ও অন্যান্য আলামত উদ্ধার করা হয় বলে জানিয়েছে ডিএমপি।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

