মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে সৌদি আরব ও তুরস্ক ইতিবাচক মনোভাব জানিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে জোটটিতে বাংলাদেশের যুক্ত হওয়ার ক্ষেত্রে ঢাকা কোনো ঝুঁকি দেখছে না বলেও মন্তব্য করেছেন তিনি।
রোববার (৩০ আগস্ট) সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে সৌদি আরব ও তুরস্কের ইতিবাচক অবস্থান রয়েছে। বাংলাদেশের পক্ষ থেকেও এতে কোনো ধরনের ঝুঁকি দেখা হচ্ছে না।
চীনের সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও জোরদার
চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বর্তমানে সর্বোচ্চ পর্যায়ের কৌশলগত অবস্থানে রয়েছে বলে জানান হুমায়ুন কবির।
তিনি বলেন, দুই দেশের সম্পর্কের ধারাবাহিকতায় শিগগিরই কূটনৈতিক ও প্রতিরক্ষা সংলাপ শুরু হতে যাচ্ছে। তবে এ সংলাপের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও চীনের কৌশলগত সম্পর্ক আরও এগিয়ে নিতে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবেই কূটনৈতিক ও প্রতিরক্ষা সংলাপ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রশ্ন
এদিকে দ্বৈত নাগরিকত্বের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে সংক্ষিপ্ত জবাব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ‘আমি বাংলাদেশি।’

