মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

সংসদ ভবনের সামনে শিক্ষিকা রনজিনা হত্যা: ‘প্যারা পনি’ গ্রেপ্তার

নিউজ ডেস্ক

রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইয়ের সময় স্কুলশিক্ষিকা রনজিনা পারভীন নিহত হওয়ার ঘটনায় মূল সন্দেহভাজন মো. পনি ওরফে ‘প্যারা পনি’সহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) রাজধানীর বসিলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-২-এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস।

র‌্যাব জানায়, সংসদ ভবনের সামনে ছিনতাইয়ের সময় স্কুলশিক্ষিকা রনজিনা পারভীন নিহত হওয়ার ঘটনায় মো. পনিকে প্রধান সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে এক সহযোগীসহ গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

র‌্যাব-২ জানিয়েছে, গ্রেপ্তারদের বিষয়ে বিস্তারিত তথ্য রোববার বিকেল ৪টায় মোহাম্মদপুরের বসিলায় ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হবে। এতে বক্তব্য দেবেন র‌্যাব-২-এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।

ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে মৃত্যু

এর আগে শনিবার (২৯ আগস্ট) চোখের চিকিৎসার জন্য স্বামীর সঙ্গে বগুড়া থেকে ঢাকায় এসেছিলেন প্রধান শিক্ষক রনজিনা পারভীন। সংসদ ভবন এলাকার সামনে মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী তার হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

একপর্যায়ে ছিনতাইকারীরা ব্যাগে টান দিলে রিকশা থেকে ছিটকে পড়ে যান রনজিনা। এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত শিক্ষিকার স্বামী বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্তের মধ্যেই মূল সন্দেহভাজন হিসেবে পনি ওরফে ‘প্যারা পনি’সহ দুজনকে গ্রেপ্তার করল র‌্যাব।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন