রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় এক প্রবাসীর ভাইয়ের কাছ থেকে ২০০ গ্রাম স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় বিএনপি ও ছাত্রদলের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি রিপন, সাধারণ সম্পাদক আল-আমিন শান্ত এবং বিমানবন্দর সাংগঠনিক ইউনিট বিএনপির সভাপতি আব্দুর রউফ। এ ঘটনায় আরও একজন পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

মামলার এজাহার অনুযায়ী, গত ২৮ আগস্ট মালয়েশিয়া থেকে এক প্রবাসী তার পরিবারের ব্যবহারের জন্য ২০০ গ্রাম স্বর্ণালংকার পাঠান। পরে তার ভাই ও এক বন্ধু বিমানবন্দর থেকে স্বর্ণ নিয়ে একটি ভাড়া করা গাড়িতে করে রওনা হন।

অভিযোগে বলা হয়েছে, রাত ৮টা ৫ মিনিটের দিকে বলাকা ভবনের বিপরীত পাশে পৌঁছালে কয়েকজন তাদের পথরোধ করে মারধর করেন। এ সময় নিজেদের আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মী এবং কাছে বোমা রয়েছে বলে ভয় দেখিয়ে তাদের কাছ থেকে ২০০ গ্রাম স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয়।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করেন। ঘটনাস্থলে থাকা এক পথচারী মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করেন বলেও মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

পুলিশ জানায়, ভুক্তভোগীর করা মামলার ভিত্তিতে শনিবার রাতে ও রোববার অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন